
আন্তর্জাতিক ডেস্কঃ সাত পাকে বাঁধা পড়লেন ‘ইয়ে রিশতা ক্যায়া কহেলাতা হ্যায়’-এর কীর্তি গোয়েনকা ওরফে মোহেনা কুমারী সিংহ। গত ১৪ অক্টোবর ভারতের হরিদ্বারে উত্তরপ্রদেশের মন্ত্রিসভার মন্ত্রী সুয়েশ রওয়তের সঙ্গে সারা জীবন পথ চলার অঙ্গীকার নেন মোহেনা। এই বছরের ১৪ ফেব্রুয়ারি গোয়ায় এক অত্যন্ত গোপন অনুষ্ঠানে আংটি বদল করেছিলেন তারা। মোহেনা বা সুরেশ এখনও পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় কোনও ছবি পোস্ট না করলেও মোহেনার বিভিন্ন ফ্যান ক্লাবের পেজ থেকে শেয়ার করা হয়েছে তাদের বিয়ের ছবি। চোখ ধাঁধানো সে সব ছবি ইতিমধ্যেই ভাইরাল। লাল-সোনালি রঙের লেহেঙ্গায় মোহেনা যেন স্বপ্নের রাজকুমারী। শুধু স্বপ্নই বা বলা যায় কী করে!
তিনি তো প্রকৃত অর্থেই রাজকুমারী। রাজ পরিবারের রক্ত রয়েছে তার শরীরে। তার বাবা পুষ্পরাজ সিংহ মধ্যপ্রদেশের রেওয়ার রাজা। এখন যদিও রাজার যুগও নেই, নেই রাজ্যপাটও। তার বিয়েও যে আর পাঁচজনের মতো হবে না, তা বলার অপেক্ষা রাখে না। আইভরি রঙের শেরওয়ানিতে সেজেছিলেন সুয়েশ। রাজপুত নিয়ম রীতি মেনে অগ্নিকুণ্ডের সামনে শপথ নিয়ে নতুন যাত্রা শুরু করলেন ওই জুটি। সম্পন্ন হল আরও এক রাজকীয় বিয়ের অনুষ্ঠান।