News71.com
 International
 18 Oct 19, 01:59 PM
 170           
 0
 18 Oct 19, 01:59 PM

যুক্তরাষ্ট্রে ভবনে বাড়ি খেয়ে শতাধিক পাখির মৃত্যু॥

যুক্তরাষ্ট্রে ভবনে বাড়ি খেয়ে শতাধিক পাখির মৃত্যু॥

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে একটি ভবনের দেয়ালে বাড়ি খেয়ে অন্তত একশ পাখির প্রাণহানি হয়েছে। আহত আরও দু’শতাধিক। ক্যারোলাইনা ওয়াটারফল উদ্ধারকারী গ্রুপের বরাত দিয়ে সিএনএন এ তথ্য জানায়। খবরে বলা হয়, মঙ্গলবার একটি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের ভবনে ঢোকার চেষ্টা করে তিনশ’র বেশি ‘চিমনিসুইফটস’ প্রজাতির একটি অতিথি পাখির ঝাঁক। সে সময়, ভবনের জানালায় বাড়ি খেয়ে তাৎক্ষণিকভাবে প্রায় শতাধিক পাখির মৃত্যু হয়। গুরুতর আহত হয় আরও একশ’র বেশি। তাড়াহুড়ো করে ভবনের ভেতরে ঢুকতে গিয়েই পাখিগুলোর এমন করুণ পরিণতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আহত পাখিগুলোর কোনোটার ডানা ভেঙে গেছে। কোনোটা আবার চোখে গুরুতর আঘাত পেয়েছে। পাখিগুলো আকারে এতোই ছোট যে এগুলোকে হাতে তুলে খাওয়ানোও যাচ্ছে না। অথচ বাঁচাতে হলে এগুলোকে দরকারি খাবার খাওয়াতেই হবে।

উদ্ধারকারীদের একজন বলেন, পাখিগুলোকে নিজ পরিবেশে ফেরত পাঠানোই এখন তাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। প্রতিবছর খাবারের লোভে দক্ষিণ আমেরিকা থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে উড়ে যায় নানা প্রজাতির অতিথি পাখি। এ পাখিগুলোও সেই দলেরই। এদের প্রধান খাদ্য মশা বা মাছির মতো ছোট কীটপতঙ্গ। ভবনের চিমনিতে বসবাস করে বলে এদের চিমনি সুইফটস বলে ডাকা হয়। সম্প্রতি পাখি বিষয়ক মার্কিন গবেষণা সংস্থা ‘কর্নেল ল্যাব অব অরনিথোলজির’ এক প্রতিবেদনে বলা হয়, প্রতি বছর শিকাগো আর হাউস্টনের মতো শহরগুলোতে সুউচ্চ ভবনে বাড়ি খেয়ে প্রায় ৬ হাজার পাখির নির্মম মৃত্যু হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন