
আন্তর্জাতিক ডেস্ক; সম্প্রতি ভারতের হরিয়ানার হিসারে ভোট প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, ৭০ বছর ধরে হরিয়ানার কৃষকদের ভাগের পানি গেছে পাকিস্তানে। ভারতের নদীর পানি পাকিস্তানে যাওয়া বন্ধ করতে ইতোমধ্যে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে কেন্দ্র সরকার। পাকিস্তানকে পানিতে মারতে সিন্ধুর অতিরিক্ত পানি আটকানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে। তার এমন বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান। ঐতিহাসিক ‘সিন্ধু পানি চুক্তি’ স্থগিত করার ব্যাপারে ভারতকে সতর্ক করে পাকিস্তান বলেছে, সিন্ধু নদীর পানি ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করলে তাকে আগ্রাসন হিসেবে গণ্য করবে পাকিস্তান। ভারতের এই ধৃষ্টতাপূর্ণ পদক্ষেপের জবাব দেয়ার অধিকার ইসলামাবাদ রাখে বলেও মন্তব্য করেছে দেশটি। বৃহস্পতিবার সপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ১৯৬০ সালে যে চুক্তি হয়েছিল তার অধীনে পাকিস্তান বিনা বাধায় পশ্চিম অঞ্চলের তিনটি নদীর পানির অধিকার রাখে। এসব নদীর পানি ভিন্নখাতে নেয়ার যে কোনো ধরনের ভারতীয় প্রচেষ্টাকে পাকিস্তান আগ্রাসন হিসেবে গণ্য করবে এবং এই হীন প্রচেষ্টার বিরুদ্ধে যথাযথ জবাব দেয়ার অধিকার ইসলামাবাদ রাখে। ড. মুহাম্মাদ ফয়সাল বলেন, ভারতের নেতৃত্বের কাছ থেকে এই ধরনের বক্তব্যের মাধ্যমে এই কথা পরিষ্কার হয় যে, ভারত একটি দায়িত্বজ্ঞানহীন আগ্রাসী রাষ্ট্র যাদের মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের প্রতি কোনো সম্মান নেই। উল্লেখ্য, ১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে পানি বন্টন চুক্তি হয়। ওই চুক্তির আওতায় ভারতে উৎপন্ন সিন্ধু, ঝিলাম ও চেনাব নদীর পানিতে বিনা বাধায় প্রবেশাধিকার পায় পাকিস্তান। অন্যদিকে, পূর্বাঞ্চলীয় রাবি, বিয়াস ও সুলতেজ নদীর পানিতে একই ধরনের প্রবেশাধিকার পায় ভারত।