
আন্তর্জাতিক ডেস্কঃ কানাডার বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নেতৃত্বাধীন লিবারেল দলকে দেশবাসী দ্বিতীয় দফা সরকার গঠন করতে দেবেন কি না সে সিদ্ধান্ত হবে আজ সোমবার। আজ দেশটির ৪৩তম জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ হবে। পাঁচ সপ্তাহ ধরে ভোটে অংশগ্রহণকারী দলগুলো নিজেদের প্রার্থীর পক্ষে ভোটারদের কাছে প্রচারণা চালিয়েছে। এ সময় প্রতিপক্ষকে বাক্যবাণে জর্জরিত করতেও পিছপা হয়নি দলগুলো। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। এখন সময় ভোটারদের। নিজেদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সিদ্ধান্ত নেবেন তাঁরা। কানাডাভিত্তিক গবেষণা ও জরিপকারী প্রতিষ্ঠান ন্যানোস রিসার্চ জানাচ্ছে, এবারের নির্বাচনে ট্রুডোর লড়াইটা মূলত প্রতিপক্ষ কনজারভেটিভ দলের নেতা অ্যানড্রু শিরের সঙ্গে। প্রাক-নির্বাচনী জরিপে দেখা গেছে, প্রধানমন্ত্রী হিসেবে জনগণের পছন্দের পাল্লাটি দুজনের ক্ষেত্রেই রয়েছে ঠিক সাম্যাবস্থায়। তাই কানাডার পার্লামেন্টের নেতৃত্ব কে দেবেন তার নিশ্চিত রায় আগে থেকে দেওয়া যাচ্ছে না। যুক্তরাষ্ট্র-ভিত্তিক গণমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে। এ প্রসঙ্গে ন্যানোস রিসার্চের কর্ণধার নিক ন্যানোস বলেন, “যদি জনগণের ভাষায় এবারের নির্বাচনকে এক কথায় বর্ণনা করতে হয়, তাহলে বলতে হবে, ‘সিদ্ধান্তহীন ২০১৯’।“