
আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তান সরকার আগামী ৯ নভেম্বর থেকে করতারপুর করিডোর খুলে দিচ্ছে। ভারতে সাধারণ মানুষ বিশেষত শিখদের জন্য এই করিডোর খুলে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। গতকাল রবিবার নিজের ফেসবুক পেজে ইমরান খান এ কথা জানান। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জানান, বিশ্বের সমস্ত শিখ সম্প্রদায়ের মানুষের জন্য খুব শীঘ্রই খুলে দেওয়া হবে করতারপুর করিডোরের দরজা। এখন চূড়ান্ত পর্যায়ের কাজ চলছে।শিখ ধর্মগুরু গুরু নানকের ৫৫০তম জন্মবার্ষিকীর আগেই এই করিডোর খুলে দেওয়ার তোড়জোড় চলছে। এ বিষয়ে আগেই দু’দেশের মধ্যে উচ্চ পর্যায়ে বৈঠক হয়ে গেয়ছে। ইমরান জানান, বিশ্বের সব থেকে বড় এই গুরুদ্বারে বিশ্বের নানা প্রান্ত থেকে শিখ ধর্মাবলম্বী মানুষ এখানে আসবেন। ভারত থেকেও আসবেন বহু মানুষ। দেশের পর্যটন শিল্পে তার প্রভাব পড়বে। ফলে বৈদেশিক মুদ্রা লেনদেনে স্থানীয় অর্থনীতিতেও তার প্রভাব পড়বে। এই করতারপুর করিডোরের মাধ্যমে যুক্ত হবে ভারতের পঞ্জাবের গুরুদাসপুর ডেরাবাবা নানক শেরনি এবং পাকিস্তানের লাহোরের দরবার সাহিব গুরুদ্বার। জানা গেছে, যারা এই করতারপুর করিডোর পেরিয়ে লাহোরের দরবার সাহিব গুরুদ্বারে যাবেন বা পাকিস্তান থেকে যাঁরা নানক শেরনি আসবেন তাঁদের পরিষেবা কর বাবদ ২০ মার্কিন ডলার (ভারতীয় মূদ্রায় প্রায় ১,৪২০ টাকা) দিতে হবে পাকিস্তান সরকারকে। এদিকে, পাকিস্তানের ওই পরিষেবা কর নেওয়া নিয়ে তীব্র সমালোচনা করেছেন ভারতের কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী হরসিমরত কৌর বাদল। পাকিস্তান সরকারের এই সীদ্ধান্তকে অত্যন্ত লজ্জাজনক বলে অভিহিত করেছেন তিনি।