News71.com
 International
 23 Oct 19, 12:18 PM
 199           
 0
 23 Oct 19, 12:18 PM

আবারও কানাডার প্রধানমন্ত্রী হচ্ছেন জাস্টিন ট্রুডো॥  

আবারও কানাডার প্রধানমন্ত্রী হচ্ছেন জাস্টিন ট্রুডো॥   

আন্তর্জাতিক ডেস্কঃ কানাডার জাতীয় নির্বাচনে টানা দ্বিতীয়বার জয় পেয়েছে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর লিবারেল পার্টি। এবার একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় তাদের জোট সরকার গঠন করতে হবে। লিবারেল পার্টির পক্ষ থেকে বলা হয়েছে, জোট গঠনের পর ৪৭ বছর বয়সি ট্রুডোই হবেন কানাডার প্রধানমন্ত্রী । কানাডার নির্বাচন কমিশন গত সোমবারের ভোটের পর গতকাল মঙ্গলবার প্রাথমিক ফলাফল প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে, মোট ৩৩৮ আসনের মধ্যে লিবারেল পার্টি পেয়েছে ১৫৭টি। একক সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ছিল ১৭০টি আসনের। ফলে সরকার গঠনে ট্রুডোর দলকে এখন ১৩ আসনের জন্য জোট করতে হবে। অপরদিকে প্রধান বিরোধী দল কনজারভেটিভ পেয়েছে ১২১টি আসন। আগের নির্বাচনে তাদের আসন ছিল ৯৫টি। এবার তাদের আসন বাড়ার সঙ্গে সঙ্গে ভোটও বেড়েছে। লিবারেল পার্টি যেখানে ৩৩ দশমিক ১ শতাংশ ভোট পেয়েছে, সেখানে কনজারভেটিভরা পেয়েছে ৩৪ দশমিক ৪ শতাংশ ভোট। তবে আসন সংখ্যা কম হওয়ায় এবারও বিরোধী দলেই থাকতে হচ্ছে তাদের ।

জানা গেছে, ট্রুডোকে এখন সংখ্যালঘু সরকার গঠন করতে হবে। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনো আইন পাস করতে তাকে বামপন্থী বিরোধী দলগুলোর সমর্থনের ওপর নির্ভর করতে হবে। হাউস অব কমন্সে ট্রুডোর অবস্থান গত মেয়াদের চেয়ে দুর্বল হবে বলে ধারণা করা হচ্ছে। সাবেক স্কুলশিক্ষক ট্রুডো তার শাসনক্ষমতার প্রথম চার বছরে কানাডার রাজনীতিতে বেশ প্রভাব বিস্তার করেন। কিন্তু নির্বাচনী প্রচারের ৪০ দিন তাকে অনেক বাধা মোকাবেলা করতে হয়েছে। যাকে কানাডার রাজনৈতিক ইতিহাসে ‘ন্যক্কারজনক’ বলে বর্ণনা করা হচ্ছে। ইঞ্জিনিয়ারিং জায়ান্ট এসএনসি-লাভালিনের ঘুষের মামলার ব্যাপারে শক্ত হতে না পারায় নৈতিক স্খলনজনিত কারণে ট্রুডো বেশ সমালোচনার মুখে পড়েন। অবশ্য চূড়ান্ত প্রচারের সময় ট্রুডোর প্রতি সমর্থন জানান যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। ট্রুডোকে বিশ্বের প্রভাবশালী গণতান্ত্রিক দেশগুলোর মধ্যে অবশিষ্ট শেষ প্রগতিশীল নেতা বলে বিবেচনা করা হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন