
আন্তর্জাতিক ডেস্কঃ নয়দিন আগে তুরস্কের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে যুক্তরাষ্ট্র। বুধবার (২৩ অক্টোবর) এ ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্প। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এ তথ্য জানা গেছে। ট্রাম্প বলেন, নতুন করে অখুশি হওয়ার মতো কিছু না হলে নিষেধাজ্ঞা তুলে নেবো আমরা। তিনি বলেন, তুরস্ক নিশ্চয়তা দিয়েছে ওই অঞ্চলে কোনো ধরনের যুদ্ধে যাবে না তারা। যুদ্ধবিরতি অব্যাহত থাকবে। ইতোমধ্যে তুরস্কের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চল সীমান্তে কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে হামলা চালিয়েছে তুরস্ক। যার জেরে ১৪ অক্টোবর তুরস্কের দুই মন্ত্রণালয় ও তিন মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞা আরোপ করা ওই দুই মন্ত্রণালয় হলো- তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি মন্ত্রণালয়। আর তিন মন্ত্রী হলেন- দেশটির প্রতিরক্ষামন্ত্রী, জ্বালানিমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী।
১৭ অক্টোবর যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়ে কুর্দিদের বিরুদ্ধে অভিযান চারদিনের জন্য বন্ধ রাখে তুরস্ক। ১২০ ঘণ্টার ওই যুদ্ধবিরতি মঙ্গলবার (২২ অক্টোবর) শেষ হয়। তবে, শর্ত ছিল সীমান্তবর্তী এলাকা থেকে কুর্দি যোদ্ধাদের হটিয়ে নিরাপদ ভূমি তৈরি করতে দেশটিকে সাহায্য করবে যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতি অব্যাহত রাখায় ট্রাম্প ওই নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। তবে, আইএস জঙ্গিদের পাহারায় সতর্ক হতে তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। জঙ্গিরা যেন আবারও সিরিয়ায় সক্রিয় হয়ে উঠতে না পারে, সেটি তিনি নিশ্চিত করতে বলেছেন।