
নিউজ ডেস্কঃ চিলিতে অর্থনৈতিক বৈষম্য নিরসনে চলমান বিক্ষোভে শান্তিপূর্ণ পদযাত্রায় অংশ নিয়েছেন প্রায় ১০ লাখ সাধারণ মানুষ। এসময় তাদের হাতে ছিল দেশের পতাকা, মুখে বিভিন্ন স্লোগান। শুক্রবার (২৫ অক্টোবর) দেশটির রাজধানী সান্তিয়াগোতে এই বিশাল পদযাত্রা অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, সরকার বিক্ষোভকারীদের কথা শুনছে বলে জানিয়েছেন চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা। এক টুইটে তিনি বলেন, আমরা সবাই বদলে গেছি। আজকের আনন্দ ও শান্তিপূর্ণ পদযাত্রায় সবাই ন্যায্য ও অভিন্ন চিলি তৈরির দাবি তুলেছে। আশান্বিত ভবিষ্যতের দিকে যাত্রার সূচনা করেছে চিলি। সান্তিয়াগোর গভর্নর কারলা রুবিলার বলেন, পদযাত্রায় অংশ নিয়েছেন প্রায় ১০ লাখ মানুষ, যা চিলির মোট জনসংখ্যার পাঁচ শতাংশ। এটা দেশের অন্যতম ঐতিহাসিক ঘটনা। এক টুইটে তিনি বলেন, বিক্ষোভকারীরা নতুন চিলির স্বপ্নের প্রতিনিধিত্ব করছে। এদিকে, শুক্রবার সকালে সরকারবিরোধী বিক্ষোভকারীরা কংগ্রেস ভবনে প্রবেশের চেষ্টা করে। তখন পুলিশি নিরাপত্তায় ভবন থেকে সরিয়ে নেওয়া হয় ভেতরে থাকা রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তাদের। এছাড়া, চিলির অন্য বড় শহরগুলোতেও বিক্ষোভ করেছে চিলিয়ানরা।