News71.com
 International
 28 Oct 19, 12:13 PM
 177           
 0
 28 Oct 19, 12:13 PM

পাকিস্তানে এইডস আতঙ্ক॥ আক্রান্ত ৯০০ শিশু

পাকিস্তানে এইডস আতঙ্ক॥ আক্রান্ত ৯০০ শিশু

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের সিন্ধ প্রদেশের শহর রাতোদেরোতে এইচআইভি টেস্টে প্রায় ৯০০ শিশুর ফল ‘পজিটিভ’ এসেছে। শিশুদের এভাবে এইডস আক্রান্ত হওয়ার ঘটনায় সিন্ধ প্রদেশের শহরটিতে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। শনিবার (২৬ অক্টোবর) নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এই ‘বিপর্যয়ের’ জন্য জ্বরাক্রান্ত শিশুদের চিকিৎসায় সিরিঞ্জ পুনর্বার ব্যবহারকারী এক চিকিৎসককে দায়ী করা হচ্ছে। তাকে গ্রেফতারও করা হয়েছে। সংবাদমাধ্যম জানায়, এখন পর্যন্ত ওই শহরের ১১শ’ মানুষের এইচআইভি টেস্ট পজিটিভ এসেছে। এদের মধ্যে প্রায় ৯শ’ শিশু রয়েছে, যাদের সবার বয়স ১২ বছরের কম। স্বাস্থ্য কর্মকর্তারা মুজাফফার ঘাংরো নামে এক শিশুরোগ বিশেষজ্ঞকে দায়ী করে বলছেন, জ্বরাক্রান্ত শিশুদের চিকিৎসায় ওই চিকিৎসক সিরিঞ্জ পুনর্ব্যবহার করছিলেন বলে আক্রান্তদের এইচআইভি পজিটিভ এসেছে। স্বাস্থ্য কর্মকর্তারা আরও বলছেন, এইচআইভি আক্রান্ত মানুষের সংখ্যা এর চেয়ে অনেক বেশি। কারণ শহরের বেশিরভাগ বাসিন্দারই এখনো এইচআইভি পরীক্ষা করা হয়নি। বিষয়টি অনুসন্ধান করার সময় কর্মকর্তারা লক্ষ্য করেন, মুজাফফর শহরের সবচেয়ে দরিদ্র পরিবারগুলোতে শিশুদের চিকিৎসা করেছেন। সেই এলাকা থেকেই এইডসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। রাতোদেরো শহরে প্রায় দু’লাখ লোক বাস করেন। তারা পাকিস্তানের সবচেয়ে দরিদ্র ও নিরক্ষর মানুষদেরই অংশ। আর এদের কাছ থেকে চিকিৎসাবাবদ মাত্র ২০ সেন্ট (বাংলাদেশি ১৭ টাকা) নিতেন মুজাফফর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন