News71.com
 International
 30 Oct 19, 10:54 AM
 242           
 0
 30 Oct 19, 10:54 AM

লাইভে বাগদাদী হত্যা, যেনবা সিনেমা দেখছিলাম ॥ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

লাইভে বাগদাদী হত্যা, যেনবা সিনেমা দেখছিলাম ॥ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্কঃ আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) মূল হোতা আবু বকর আল বাগদাদী শনিবার রাতে (২৬ অক্টোবর) সিরিয়ায় মার্কিন সেনাবাহিনীর এক অভিযানে নিহত হন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি সম্প্রচারে বাগদাদীবধের ওই অভিযান দেখেন। সে অভিজ্ঞতাকে অ্যাকশন সিনেমা দেখার সঙ্গে তুলনা করেছেন তিনি। রোববার (২৭ অক্টোবর) হোয়াইট হাউজে জাতীয় এক ভাষণে ওই অভিযানের অস্বাভাবিক সব বর্ণনা দেন ট্রাম্প। তার অনেক কিছুই রীতিমত উদ্ভট। ট্রাম্প জানান, মাসখানেক ধরেই বাগদাদীর হদিসের ব্যাপারে গোয়েন্দা তথ্য পেয়ে আসছিল যুক্তরাষ্ট্র। এর মধ্যে কুর্দিরাও কিছু তথ্য দিয়ে সহায়তা করে বলে জানান তিনি। দুই সপ্তাহ আগে মার্কিন গোয়েন্দারা আইএস নেতার প্রকৃত অবস্থান জানতে পারে। পরবর্তীতে অভিযানের ৩ দিন আগে এ পরিকল্পনার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত হন ট্রাম্প। পরিকল্পনা অনুসারে, সিরিয়ার ইদলিব অঞ্চলে মার্কিন সেনা অভিযান চালাতে হলে রাশিয়া, তুরস্ক ও ইরাকের কাছ থেকে তাদের আকাশপথ ব্যবহারের অনুমতি নিতে হবে। ট্রাম্প বলেন, কী ধরনের অভিযান চালানো হবে রাশিয়াকে সে ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি হোয়াইট হাউজ। শুধু বলা হয়, অভিযান যেমনই হোক, সেটা তাদের ‘ভালো’ লাগবে।

অভিযানের দিন ভার্জিনিয়ায় গলফ খেলা শেষে স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার দিকে হোয়াইট হাউজে পৌঁছান ট্রাম্প। সিরিয়ায় সে সময় রাত সাড়ে ১০টা। বিকেল ৫টা নাগাদ ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপার, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রিয়েন ও গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে নিয়ে হোইয়াট হাউজের ‘পরিস্থিতি পর্যবেক্ষণ’ কক্ষে প্রবশ করেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘এরপরপরই সবাই সরাসরি ওই অভিযান দেখতে থাকি, যেনবা কোনো সিনেমা দেখছি। গোপন এক সামরিক ঘাঁটি থেকে ৮টি হেলিকপ্টারে উড়াল দিলো মার্কিন সেনা ও ডগ স্কোয়াড বাহিনী।’ গোপন ঘাঁটিটি ইরাকের পশ্চিমাঞ্চলের বলে রয়টার্সকে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা। অন্যদিকে অভিযানে অংশ নেওয়া সৈন্যরা স্পেশাল বাহিনী ‘ডেলটা ফোর্সের’ সদস্য। সন্ত্রাস বিরোধী বিভিন্ন অভিযানে ভয়ানক সব অপরাধীদের পাকড়াও করতে প্রায়ই এ বাহিনী কাজ করে থাকে। স্থলপথে চালানো এ অভিযানে সামরিক বিমান ও জাহাজও সহযোগিতা করে বলে জানান ট্রাম্প। শুধু তাই মার্কিন সেনারা এ অভিযানে একটি রোবটকেও সঙ্গে নেয় বলে জানান তিনি। কিন্তু শেষমেশ সেটিকে ব্যবহার করতে হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন