
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের অন্ধ্রপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী এবং তেলেগু দেশাম পার্টির প্রধান এন চন্দ্রবাবু নাইডু অভিযোগ করেছেন, ওয়াইএসআর কংগ্রেস এর নেতৃত্বাধীন অন্ধ্রপ্রদেশ সরকার সে দেশের জাতীয় পতাকার অসম্মান করেছে। টুইটারে একটি পোস্টে ছবিও শেয়ার করেছেন চন্দ্রবাবু। সেখানে দেখা যায়, ওয়াইএসআর কংগ্রেস পার্টি তাদের একটি কার্যালয়ের সামনের অংশে ভারতের পতাকা ভিন্ন রঙে এঁকে রেখেছে।
যদিও আগে সেই স্থানে ভারতের পতাকার সঠিক রঙই ছিল। তবে সেটি পরিবর্তন করে নিজেদের দলীয় পতাকার রঙে করা হয়েছে। বিষয়টির জন্য ক্ষমা চাইতে বলেন চন্দ্রবাবু। তিনি বলেন, আমি এর আগে আমাদের জাতীয় পতাকার এ ধরনের অসম্মান কোথাও হতে দেখিনি। ওয়াইএসআর কংগ্রেস পার্টিকে জাতীয় পতাকার রঙের জায়গায় নিজেদের দলীয় পতাকার রঙ প্রতিস্থাপনের মতো জঘন্য, ঘৃণ্য কাজটির জন্য ক্ষমা চাইতে হবে। সেখানকার সরকারি কর্মকর্তারা বলছেন, সেখানকার সকল ওয়াইএসআর কংগ্রেস পার্টির কার্যালয় এ ধরনের রঙে রূপান্তরের নির্দেশনা রয়েছে। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে ।