
আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্টের ইমপিচমেন্টে সায় দিল দ্বিধাবিভক্ত মার্কিন সংসদ। এর পরের পর্যায়ে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করে দেখা হবে। ডেমোক্র্যাটরা একযোগে ট্রাম্পের বিরুদ্ধে গেলও রিপাবলকানরা এর বিরোধিতা করেছে। গত এক সপ্তাহ ধরে ইমপিচমেন্টের বিরোধিতা করেও অবশ্য শেষরক্ষা করতে পারেনি রিপাবলিকানরা। ২৩২-১৯৬ ভোটে ট্রাম্পের বিরুদ্ধেই রায় দিয়েছে মার্কিন সংসদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, ক্ষমতা অপব্যবহার করে অন্য রাষ্ট্রের নেতাদের উপর চাপ সৃষ্টি করে তাঁর রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে নজরদারি চালিয়েছেন ।
ভোটাভুটির আগে স্পিকার ন্যান্সি পেলোসি বলেন, ইমপিচমেন্ট পদ্ধতি মোটেই সুখদায়ক স্বস্তির ব্যাপার নয়, বরং ঠিক তার উল্টো। একই সঙ্গে তিনি বলেন, “আমি বুঝতে পারছি না, রিপাবলিকানরা কেন সত্যের মুখোমুখি দাঁড়াতে ভয় পাচ্ছেন।” কক্ষে দাঁড়িয়ে তিনি বলেন, “মার্কিন নাগরিকরা যে সত্য জানতে পারবেন, এই বিষয়টিকে প্রত্যেক সদস্যের সমর্থন করা উচিত। সেই জন্যই ভোটাভুটি হচ্ছে। আর এর ফলে আমাদের গণতন্ত্র এখন সঙ্কটাপন্ন।” হোয়াইট হাউস অবশ্য ইমপিচমেন্টের জন্য ডেমোক্র্যাটদের তীব্র নিন্দা করেছে। প্রেসসচিব স্তেফানি গ্রিশাম বলেছেন, “মিথ্যা ইমপিচমেন্ট আনতে চেয়ে সময় নষ্ট করছেন ডেমোক্র্যাটরা, তীব্র বিভাজন আসলে প্রেসিডেন্ট পদটারই অবমাননা করছে।” ট্রাম্পও বলেছেন, “মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটাই সবচেয়ে বড় উইচ হান্ট ছাড়া আর কিছু নয় ।”