
আন্তর্জাতিক ডেস্কঃ থাইল্যান্ডে সন্ত্রাসী হামলায় ১৫ জন নিহত হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যায় দেশটির দক্ষিণাঞ্চলীয় ইয়ালা রাজ্যের এক গ্রামে বিচ্ছিন্নতাবাদীরা এ হামলা চালায়। এতে অপর চারজন আহত হয়। থাইল্যান্ড প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কংচিপ তন্ত্রওয়ানিত এক বিবৃতিতে বুধবার (৬ নভেম্বর) এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, হামলাকারীরা বন্দুক ও বিস্ফোরক নিয়ে গ্রামে ঢুকে গুলি চালানো শুরু করেন। এ হামলায় দক্ষিণ সীমান্তের তিন রাজ্যে শান্তি বিনষ্টকারীদের দায়ী করেন তিনি। থাই সরকার সাধারণত মুসলিম বিচ্ছিন্নতাবাদীদের শান্তি বিনষ্টকারী হিসেবে আখ্যায়িত করে থাকে। হতাহতদের মধ্যে গ্রামবাসী ছাড়াও নিরাপত্তা বাহিনীর সদস্যও আছেন বলে জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র।