
আন্তর্জাতিক ডেস্কঃ বৃষ্টিতে দিল্লির বায়ু দূষণ কিছুটা কমলেও উদ্বেগ দেখা দিয়েছে কলকাতা, চেন্নাইসহ বেশ কয়েকটি শহরে। বৃস্পতিবার রাতে শহরগুলোয় বায়ু দূষণের মাত্রা সর্বোচ্চ রেকর্ড করা হয়। এদিকে, বায়ু দূষণে সংশ্লিষ্টতার অভিযোগে পাঞ্জাবের ৮৪ জন কৃষককে আটক করেছে পুলিশ। তবে, কৃষকদের দাবি খড় পোড়ানো ছাড়া তাদের অন্য কোনো উপায় নেই। গেল দু'সপ্তাহ ধরে দূষণের ঘেরাটোপে বন্দি দিল্লিবাসীকে কিছুটা স্বস্তি দিল বৃহস্পতিবারের এই বৃষ্টি। আবহাওয়া দফতর জানায়, বৃষ্টিতে পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে। পুরোপুরি স্বাভাবিক হতে আরও কয়েকদিন সময় লাগবে। গত তিন চার দিনের চেয়ে পরিস্থিতি এখন অনেকটা ভালো। একেবারে স্বাভাবিক হতে হলে প্রচুর বৃষ্টি হতে হবে। আশার কথা হচ্ছে বৃষ্টি এর মধ্যে শুরু হয়েছে। তবে পর্যটকরা এখনো দিল্লিতে নিরাপদ বোধ করছেন না। এমনকি স্থানীয়রাও নিরাপদ ঠাঁইয়ের খোঁজে দিল্লি থেকে ছুটছেন অন্য জায়গায়। তারা বলছে, প্রথমবার দিল্লিতে এসেছি। কিন্তু এখানকার পরিবেশ এতটা খারাপ হবে ভাবতে পারিনি। দিল্লিতে ভয়াবহ অবস্থা। পরিবারের সবাই মিলে এখানে এসেছি শুধুমাত্র বিশুদ্ধ পরিবেশের কারণে। এদিকে, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পাঞ্জাব ও হরিয়ানায় খড় পোড়ানো অব্যাহত আছে। এরই মধ্যে দূষণ ছড়ানোর অভিযোগে পাঞ্জাবের ৮০ জনের বেশি কৃষককে আটক করেছে পুলিশ।