
আন্তর্জাতিক ডেস্কঃ যতটা আগ্রাসী হবে ভাবা গিয়েছিল, ততটা না হলেও, বুলবুলের তাণ্ডবের জেরে ক্ষয়ক্ষতির পরিমাণ খুব কম নয় বলেই পশ্চিমবঙ্গ প্রশাসন সূত্রে খবর। রবিবার দুপুরেই নবান্নে এসেছে দক্ষিণবঙ্গের ন’টি জেলার ক্ষয়ক্ষতির প্রাথমিক রিপোর্ট। বুলবুলের তাণ্ডবে এখনও পর্যন্ত গোটা রাজ্যে ১০ জনের মৃত্যুর খবর প্রাথমিক ভাবে এসেছে। তবে সেগুলো খতিয়ে দেখা হচ্ছে সত্যিই সবক’টি মৃত্যু বুলবুলের কারণে কি না। রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরের মন্ত্রী জাভেদ খান রবিবার বিকেলে জানিয়েছেন, এখনও পর্যন্ত ঝড়ের তাণ্ডবে ৬ জনের মৃত্যুর নিশ্চিত খবর পাওয়া গিয়েছে। নয়টি জেলার জেলাশাসকদের পাঠানো প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, প্রায় তিন লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন ঘূর্ণিঝড়ের তাণ্ডবে। সব মিলিয়ে এখনও পর্যন্ত সাড়ে ২৯ হাজারের মতো বাড়়ির পুরোপুরি বা আংশিক ক্ষতি হয়েছে। ব্যাপক ক্ষতি হয়েছে ফসলের।
ক্ষয়ক্ষতি এবং ঝঞ্ঝা পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করতে সোমবার আকাশপথে নামখানা এবং বকখালি এলাকা ঘুরে দেখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি একটি টুইট বার্তায় জানিয়েছেন, পরিস্থিতি খতিয়ে দেখার পর প্রশাসনের কর্তাদের নিয়ে কাকদ্বীপে বৈঠকও করবেন। বুলবুলের জেরে ক্ষয়ক্ষতির মোকাবিলা করার জন্য তিনি রাস উৎসব উপলক্ষ্যে পূর্ব নির্ধারিত উত্তরবঙ্গ সফর আপাতত পিছিয়ে দিয়েছেন। ১৩ নভেম্বর তিনি উত্তর ২৪ পরগনার বসিরহাটে যাবেন ক্ষয়ক্ষতি দেখতে। দক্ষিণবঙ্গের ন’টি জেলার মধ্যে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর এসেছে রাজ্যের উপকূলবর্তী তিন জেলা — পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমা এলাকা থেকে। নবান্ন সূত্রে খবর, উত্তর ২৪ পরগনা থেকেই পাঁচজনের প্রাণহানির খবর এসেছে। দক্ষিণ ২৪ পরগনায় ঝড়ের দাপটে মৃত্যু হয়েছে দু’জনের। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে মৃত্যু হয়েছে এক মহিলার।