
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের হয়ে মনোনয়ন নিতে যাচ্ছেন নিউইয়র্কের সাবেক মেয়র ও ধনকুবের মাইকেল ব্লুমবার্গ। শনিবার (৯ নভেম্বর) এ খবর প্রকাশ করেছে মার্কিন বিভিন্ন সংবাদমাধ্যম। ব্লুমবার্গের মুখপাত্র জেসন স্কেচার জানান, ডেমক্র্যাট দলের মনোনয়ন নেওয়ার জন্য যাবতীয় কাগজপত্র জমা দেয়ার কাজ ইতোমধ্যেই শেষ করেছেন তিনি। গণমাধ্যমগুলো বলছে, ৭৭ বছর বয়সী ব্লুমবার্গের এই প্রতিদ্বন্দ্বিতার ঘোষণার মধ্য দিয়ে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিপরীতে একজন যোগ্য প্রার্থীর লড়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। আশা করা হচ্ছে, চলতি সপ্তাহের শেষদিকে ব্লুমবার্গের পক্ষ থেকে এ সংক্রান্ত ঘোষণা আসবে। তিনি নির্বাচনে নামার ঘোষণা দিলে ১৭তম প্রার্থী হিসেবে ডেমোক্র্যাট দলের পক্ষ থেকে মার্কিন প্রেসিডেন্ট পদে মনোনয়ন প্রত্যাশী হবেন। তাদের মধ্যে দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন, তারপর বর্ষীয়ান রাজনীতিবিদ বার্নি স্যান্ডার্স এবং এলিজাবেথ ওয়ারেন। ইতোমধ্যে জো বাইডেন ব্লুমবার্গের লড়াইয়ের ইচ্ছেকে স্বাগত জানিয়েছেন।