News71.com
 International
 18 Nov 19, 01:28 PM
 213           
 0
 18 Nov 19, 01:28 PM

পশ্চিমবঙ্গে এনআরসি॥ তৈরি হচ্ছে ডিটেনশন ক্যাম্প, আতঙ্কে রাজ্যবাসী

পশ্চিমবঙ্গে এনআরসি॥ তৈরি হচ্ছে ডিটেনশন ক্যাম্প, আতঙ্কে রাজ্যবাসী

নিউজ ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গে দু’টি ডিটেনশন ক্যাম্প নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তবে এর সঙ্গে ভারতীয় নাগরিক পঞ্জির ( এনআরসি) সম্পর্ক নেই তা রাজ্য সরকার থেকে নিশ্চিত করা হলেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পশ্চিমবঙ্গে বসবাসকারীদের একাংশ মনে করছে, আসামের মতো করে সেখানেও নাগরিক তালিকা (এনআরসি) হবে। যারা তালিকায় স্থান পাবে না, তাদের ক্যাম্পে রাখা হবে। এদিকে শনিবার ( ১৬ নভেম্বর) পশ্চিমবঙ্গের কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস জানিয়েছেন, অপরাধ কর্মকাণ্ডে জড়িত ২০০ বিদেশি বন্দি রাখার জন্যই এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে। সম্প্রতি শিলিগুড়িতে এক অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও বলেছেন, ‘রাজ্য সরকারের তরফ থেকে এনআরসি চালু করার কোনও পরিকল্পনা নেই। তাই এখানে বন্দি শিবির বানানোর কোনও প্রশ্নই ওঠে না। কেননা আমরা এর বিরোধী।’

তবে বিজেপি বলছে, রাজ্যের ক্ষমতায় এলে এখানেও তারা এনআরসি চালু করবে। সে কারণেই দেশ ছাড়া হওয়ার ভয়ে রাজ্যের মানুষের মধ্যে এক অজানা আতঙ্ক বিরাজ করছে। এরই মধ্যে ডিটেনশন ক্যাম্প তৈরির জন্য কলকাতার নিউটাউনে জমি চিহ্নিত করার কাজ শেষ হয়েছে। দ্বিতীয় ক্যাম্প তৈরির জন্য বাংলাদেশ লাগোয়া উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁতে জমি খোঁজা হচ্ছে। কয়েক দফায় খসড়া তালিকা প্রকাশের পর আগস্টের শেষে প্রকাশিত হয় ভারতের আসাম রাজ্যের নাগরিক তালিকা। বাদ পড়েন রাজ্যের প্রায় ১৯ লাখ ৬ হাজার ৬৫৭ জন মানুষ। আসামের পর পশ্চিমবঙ্গে নাগরিক তালিকা প্রকাশের কথা বলছে বিজেপি। তবে শুরু থেকেই এর বিরোধিতা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ডিটেনশন ক্যাম্প তৈরির কথা শুনেই শঙ্কায় পড়েছে পশ্চিমবঙ্গের অধিবাসীরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন