
আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় কারফিউ উপেক্ষা করে সরকারবিরোধী বিক্ষোভ অব্যাহত রেখেছেন সাধারণ বাসিন্দারা। শনিবারও তারা রাস্তায় নেমে প্রতিবাদ জানান। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে। বিক্ষোভকারীরা অপরাধের সঙ্গে জড়িত বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ইভান দুকে। তিনি যেকোনো মূল্যে বিক্ষোভকারীদের দমন করার হুঁশিয়ারি দেন। এভাবেই বাদ্যের তালে তালে রাজধানী বোগোতায় শনিবার কারফিউ ভেঙে রাস্তায় নামেন সাধারণ মানুষ। নাচে গানে তারা কলম্বিয়ার প্রেসিডেন্টের বিদায়ের দাবি জানান। তারা বলছে, দেখুন তারা আমাদের সঙ্গে কেমন আচরণ করছে, তারা গুলি চালাচ্ছে, কাঁদানে গ্যাস নিক্ষেপ করছে। তবুও আমরা কিছু বলছি না। কারণ আমরা শান্তি চাই।
কলম্বিয়ার ইতিহাসে সবচেয়ে খারাপ সরকার রাষ্ট্র পরিচালনা করছে এখন। আমরা রাস্তায় নেমেছি অধিকারের দাবিতে, বিক্ষোভ করছি ন্যায় বিচারের জন্য, চাচ্ছি পরিবর্তন আসুক। এতে কোরে দেশে সমতা ফিরে আসবে। এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনাও ঘটে। আন্দোলনকারীরা পার্লামেন্ট ঘেরাও করতে এলে ক্যাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ। এ-সময় বেশ কয়েকজনকে আটকও করা হয়। কেউ কেউ আবার প্রেসিডেন্টের বাড়ির দিকে ইটপাটকেলও ছুঁড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও কঠোর হওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ইভান ডুক। তিনি বলেন, তুমুল বিক্ষোভ দেখে আইনশৃঙ্খলা বাহিনী হাত পা গুটিয়ে বসে থাকবে না, তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এছাড়া উত্তেজনা প্রশমনে আগামী সপ্তাহে জাতীয় সংলাপ শুরুর চেষ্টাও তিনি করবেন বলে জানান।