
আন্তর্জাতিক ডেস্কঃ ইরাকে সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে ২৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২৩০ জন। বৃহস্পতিবার ইরাকের দক্ষিণ অংশের শহর নাসিরিয়াতে বিক্ষোভ শুরু করলে সেখানেই নিহত হয় ২৪ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অঞ্চলটিতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। বিক্ষোভ আর সংঘর্ষে উত্তাল ইরাক। কর্মসংস্থান সৃষ্টি ও সরকারের দুর্নীতি বন্ধের দাবি জানিয়ে রোববারও বাগদাদের রাস্তায় নেমে বিক্ষোভ করেন সাধারণ মানুষ। বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরিয়ে দিতে ব্যাপক কাঁদানে গ্যাস ও গুলি ছোড়ে নিরাপত্তা বাহিনী। প্রতিবাদে রাস্তার পাশে থাকা ব্যবসা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি ভবন এবং গাড়িতে আগুন দেয় আন্দোলনকারীরা। দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় রাজপথ পরিণত হয় রণক্ষেত্রে। নিরাপত্তাবাহিনী গুলি চালালে এতে হতাহত হন বেশ কয়েকজন। একইদিন দক্ষিণাঞ্চলীয় শহর নাসিরিয়ায় দুটি সেতু অবরুদ্ধ করে রাখে বিক্ষোভকারীরা। এসময় তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও গুলি ছোড়ে নিরাপত্তা বাহিনী।