News71.com
 International
 04 Dec 19, 05:52 PM
 272           
 0
 04 Dec 19, 05:52 PM

আমি ব্রিটেন নির্বাচনে নাক গলাবো না, কিন্তু বরিস খুব ভালো’॥ডোনাল্ড ট্রাম্প

আমি ব্রিটেন নির্বাচনে নাক গলাবো না, কিন্তু বরিস খুব ভালো’॥ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্কঃ চলতি মাসের ১২ তারিখে যুক্তরাজ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনী এ ডামাডোলের মধ্যেই দু’দিনব্যাপী ন্যাটো সম্মেলনের আয়োজন করতে হচ্ছে দেশটিকে। এ সম্মেলনে যোগ দিতে এরই মাঝে যুক্তরাজ্যে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ক্ষমতাসীন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের অনুরাগী ডোনাল্ড ট্রাম্পের এ সফর ঘিরে রীতিমত উদ্বিগ্ন দেশটির রাজনীতিক মহল। সবাই এই আশঙ্কা করছেন যে, সফরকালে ট্রাম্প যেন বরিস জনসনের পক্ষে এমন কিছু বলে না বসেন, যেটাকে তার পক্ষে নির্বাচনী প্রচারণা হিসেবে অভিহিত করা যায়। এমনিতেই বরিস জনসনের ব্যাপারে ট্রাম্পের বিশেষ পক্ষপাত বিভিন্ন সময় সমালোচনার জন্ম দিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার চুক্তি- ব্রেক্সিট যে কোনোভাবেই বাস্তবায়নে ট্রাম্পের উস্কানি আছে বলেও অনেকের অভিযোগ। অন্যদিকে ব্রিটেনের প্রধান বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিন প্রধানমন্ত্রী হিসেবে ‘খুব খারাপ’ হবেন বলেও কিছুদিন আগে মন্তব্য করেন ট্রাম্প। এসব ছাড়াও বিভিন্ন সময় যুক্তরাজ্যের ব্যাপারে নানান বেফাঁস মন্তব্যের জন্য ব্রিটিশদের কাছে ভীষণ অজনপ্রিয় মার্কিন প্রেসিডেন্ট।

সফরকালে ট্রাম্প যেন কোনোভাবেই যুক্তরাজ্যের নির্বাচনের ব্যাপারে নাক না গলান, সে জন্য কয়েকদিন আগেই তাকে অনুরোধ জানিয়েছেন বরিস জনসন। সে সময় মার্কিন কর্তৃপক্ষও খুব বড় মুখ করে বলে, অন্য দেশের নির্বাচনে নাক গলানোর কোনো আগ্রহ আমাদের প্রেসিডেন্টের নেই। কিন্তু, কথায় আছে- যেখানে বাঘের ভয়, সেখানেই রাত হয়। যে আশঙ্কা করা হচ্ছিল এরই মাঝে তা বাস্তবে পরিণত করেছেন ট্রাম্প। ন্যাট সম্মেলন ঘিরে সফরকালে মঙ্গলবার (ডিসেম্বর ৩) লন্ডনে এক সংবাদ সম্মেলনে বরিস জনসনের উচ্ছ্বসিত প্রশংসা করে ট্রাম্প বলেন, আমি মোটেই যুক্তরাজ্যের নির্বাচনে হস্তক্ষেপ করবো না, বা এ নিয়ে কোনো জটিলতা তৈরি করবো না। কিন্তু, আমি মনে করি, (প্রধানমন্ত্রী হিসেবে) বরিস খুবই দক্ষ, আর আগামীতেও সে খুবই ভালো কাজ করবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন