
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের দিল্লিতে একটি কারখানায় আগুনে পুড়ে মৃতের সংখ্যার বৃদ্ধির খবর জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো। ফায়ার সার্ভিস ও হাসপাতাল সূত্রে তারা জানায়, এখন পর্যন্ত ৪৩ জন মারা গেছে। এর আগে ৩৫ জনের মৃত্যুর সংবাদ জানিয়েছিল তারা। রোববার (৮ ডিসেম্বর) স্থানীয় সময় ভোর ৫ টায় মধ্য দিল্লির কাছে ঘনবসতিপূর্ণ সদর বাজার এলাকায় একটি ব্যাগ তৈরির কারখানায় এ দুর্ঘটনা ঘটে। খবরে পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট। কর্তৃপক্ষ জানায়, অগ্নিকাণ্ডের সময় কারখানাটিতে ৫০ জনেরও বেশি শ্রমিক ঘুমিয়ে ছিল। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানা যায়নি। এদিকে, আগুন লাগার ঘটনাকে মর্মান্তিক উল্লেখ করে এ ঘটনায় হতাহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্ত কেজরিওয়াল। এছাড়াও, এ ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।