
আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানে আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত ৯ সেনা সদস্য নিহত হয়েছেন। এছাড়া বিস্ফোরণের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। সোমবার (৯ ডিসেম্বর) দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের একটি সামরিক ঘাঁটির কাছে গাড়ি বোমা হামলা চালানো হয়। প্রাদেশিক সরকারের কর্মকর্তার বরাতে আলজাজিরা জানায়, হেলমান্দ প্রদেশের নাদ-আলি অঞ্চলে এ বিস্ফোরণ হয়। বিস্ফোরণে আফগান ন্যাশনাল আর্মির একটি স্থাপনা ধ্বংস হয়ে গেছে। ওই অঞ্চলের প্রধান কর্মকর্তা বারালি নাযারি জানান, উদ্ধার কর্মীরা ধ্বংস স্তূপের নিচে থেকে আটকে পড়া মানুষদের উদ্ধারের চেষ্টা করছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা। এদিকে তালেবান গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করে দাবি করেছে, তারা নিরাপত্তা বাহিনীর কয়েক ডজন সদস্যকে হত্যা করেছে এবং সামরিক যানবাহন ধ্বংস করেছে।