
আন্তর্জাতিক ডেস্কঃ ব্রিটেনে বিরোধীদল লেবার পার্টির ভরাডুবির মধ্যেও বাংলাদেশি চার কন্যা পার্লামেন্ট সদস্য হয়েছেন। সে তালিকায় স্থান করে নিলেন আরও একজন বঙ্গকন্যা। ব্রিটিশ বাঙালি লেবার এমপি লিসা নন্দীও জয় পেয়েছেন দেশটির সাধারণ নির্বাচনে। ম্যানচেস্টারের উইগান আসনে জয় পান ব্রিটিশ বাঙালি লিসা নন্দী। চতুর্থবারের মতো এমপি হলেন তিনি। লিসা দুই দফায় শ্যাডো মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন। লিসার বাবা দীপক নন্দী ছিলেন কলকাতার বাসিন্দা। ১৯৫৬ সালের মার্চে তার বাবা ব্রিটেনে এসে বসবাস শুরু করেন। ১৯৭৯ সালে যুক্তরাজ্যে লিসার জন্ম। যুক্তরাজ্যে বর্ণবাদী হামলা রুখে দিতে কাজ করছেন তিনি। এছাড়া টানা তৃতীয় বার ব্রিটিশ পার্লামেন্টের সদস্য নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক।
ব্রিটেনের সাধারণ নির্বাচনে হ্যাম্পস্টেড ও কিলবার্ন আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বী জনি লুককে ১৪ হাজারের বেশি ভোটে পরাজিত করেন তিনি। ব্রিটেনের সাধারণ নির্বাচনে অংশ নেয়া বাংলাদেশি বংশোদ্ভূত অপর তিন নারী রুশনারা আলী, রূপা হক এবং আফসানা বেগমও নির্বাচিত হয়েছেন। চতুর্থবারের মতো বেথনাল গ্রিন অ্যান্ড হে আসন থেকে নির্বাচিত হয়েছেন রুশনারা আলী। ৪৪ হাজার ৫২ ভোট পান তিনি। কনজারভেটিভ পার্টির নিকোলাস স্টোভোল্ডকে ৩৭ হাজার ৫২৪ ভোটে পরাজিত করেন রুশনারা আলী। টানা তৃতীয় বারের মতো জয়ী হয়েছেন রূপা হকও। নিকটতম প্রতিদ্বন্দ্বী জুলিয়ান গালান্টকে ১৩ হাজার ৩শ' ভোটে হারিয়েছেন তিনি। ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসন থেকে ২৮ হাজার ১৩২ ভোট পান সমাজ বিজ্ঞানের সাবেক এ শিক্ষক।