News71.com
 International
 17 Dec 19, 06:53 PM
 255           
 0
 17 Dec 19, 06:53 PM

গুজবে কান দিচ্ছেন ওজিল ।। দাবি চীনের

গুজবে কান দিচ্ছেন ওজিল ।। দাবি চীনের

আন্তর্জাতিক ডেস্কঃ সম্প্রতি চীনের সংখ্যালঘু উইগুর মুসলিমদের সমর্থনে এক টুইট করেছিলেন মেসুত ওজিল। সেখানে জিনজিয়াং প্রদেশের মুসলিমদের সঙ্গে চীনের অমানবিক আচরণের তীব্র সমালোচনার পাশাপাশি এই ইস্যুতে মুসলিম বিশ্বের নিরবতা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছিলেন আর্সেনালের জার্মান মিডফিল্ডার। এবার ওজিলের ওই মন্ত্যবের জবাবে বিবৃতি প্রকাশ করেছে চীন। চীন সরকারের বিরুদ্ধে জিনজিয়াং প্রদেশের মুসলিমদের ওপর দমন-পীড়ন চালানোর অভিযোগ উঠেছে। সম্প্রতি বন্দিশিবিরে আটক ও নির্যাতনের বিষয়ে সরকারি একটি গোপন নথি ফাঁস হওয়ার পর সারা বিশ্বে নিন্দার ঝড় বয়ে যায়। সেই নথি থেকে জানা গেছে, সেখানকার প্রায় ২০ লাখ মানুষকে অন্যায়ভাবে বন্দি করে রাখা হয়েছে। সেখানে নির্যাতনের মাধ্যমে উইগুর মুসলিমদের জোর করে চীনা সংস্কৃতি শেখানো হচ্ছে। এ নিয়ে পশ্চিমা মিডিয়া অনেকদিন থেকেই সরব থাকলেও মুসলিম বিশ্ব অনেকটা নীরব ভূমিকা পালন করছে। এ নিয়েই ক্ষোভ প্রকাশ করে তুর্কি বংশোদ্ভুত মুসলিম ফুটবলার ওজিল টুইটারে লিখেছেন, ‘পূর্ব তুর্কিস্তান (শিনজিয়াং) মুসলিম উম্মাহর রক্তে রঞ্জিত হচ্ছে। অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো জনতাকে তাদের নিজ ধর্ম থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হচ্ছে।’ ওজিল আরও লিখেছেন, ‘তারা (চীন সরকার) কোরআন পুড়িয়ে দিচ্ছে। তারা মুসলিমদের মসজিদ বন্ধ করে দিচ্ছে। তারা স্কুল বন্ধ করে দিচ্ছে। তারা মুসলিমদের ধর্মীয় নেতাদের মেরে ফেলছে। পুরুষদের জোর করে বন্দি শিবিরে আটকে রাখা হচ্ছে আর নারীদের চীনা পুরুষদের সঙ্গে থাকতে বাধ্য করা হচ্ছে। নারীদের জোর করে চীনা পুরুষদের বিয়ে করতে বাধ্য করা হচ্ছে।’

‘কিন্তু মুসলিম বিশ্ব নীরব। তারা একটা কথাও বলছে না। তারা তাদের (উইগুরদের) ত্যাগ করেছে। তারা কি জানে না যে, অন্যায় করা আর অন্যায় সহ্য করা সমান কথা?’ ওজিলের বিতর্কিত টুইটের কারণে রোববার (১৫ ডিসেম্বর) রাতে আর্সেনাল বনাম ম্যানচেস্টার সিটির মধ্যকার প্রিমিয়ার লিগের ম্যাচ না দেখানোর সিদ্ধান্ত নেয় চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল ‘সিসিটিভি’। আর এবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করেছে, গুজবে কান দিয়ে উইগুরদের বিষয়ে ভুল পথে হাঁটছেন ওজিল। চীনের ‘দ্য গ্লোবাল টাইমস’র ওজিলের মন্তব্যকে ‘মিথ্যা’ বলে বর্ণনা করেছে। এবং তার এই মন্তব্যের কারণে চীনে আর্সেনালের সমর্থক ও ফুটবল কর্তাদের হতাশ করেছে বলে দাবি করেছে। শুধু তাই না, ‘দ্য চাইনিজ ফুটবল অ্যাসোসিয়েশন’ ওজিলের টুইটকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন