
আন্তর্জাতিক ডেস্কঃ ফাঁসি কার্যকরের আগে যদি পারভেজ মোশাররফের মৃত্যু হয়, তা হলে তার মৃতদেহ ইসলামাবাদের প্রধান সড়কে তিন দিন ঝুলিয়ে রাখা হবে। পাকিস্তানের সাবেক এই সামরিক শাসকের মৃত্যুদণ্ডাদেশের রায়ের কপি আজ প্রকাশ্যে এসেছে। সেখানেই এমনটি নির্দেশ দিয়েছেন আদালত। রাষ্ট্রদ্রোহ মামলায় গত মঙ্গলবার পারভেজ মোশাররফের মৃত্যুদণ্ডাদেশ দেয় পাকিস্তানের আদালত। পেশওয়ার হাইকোর্টের প্রধান বিচারপতি ওয়াকার আহমেদ শাহ’র নেতৃত্বাধীন সিন্ধ হাইকোর্টের বিচারপতি নাজার আকবার এবং লাহোর হাইকোর্টের বিচারপতি শহীদ করিম এ রায় দেন।১৬৭ পাতার সেই রায়ে বলা হয়, এই মামলায় অভিযোগ প্রমাণিত হয়েছে। দোষী ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হচ্ছে যে, পলাতক দোষী ব্যক্তিকে গ্রেফতারের জন্য সব রকম চেষ্টা চালাতে হবে। সাজা কার্যকরের আগেই যদি দোষীর মৃত্যু হয়, তা হলে ইসলামাবাদের ডি-চকে তার মরদেহ নিয়ে আসতে হবে। সেখানে তিন দিন ঝুলিয়ে রাখতে হবে। ডি-চক হচ্ছে পাকিস্তানের এমন একটি জায়গা, যার আশপাশে সরকারি ভবন, প্রধানমন্ত্রীর অফিস, পার্লামেন্ট ভবন রয়েছে।