
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের নাগরিকত্ব বিল বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশটির সর্বস্তরে। বিভিন্ন রাজ্য উত্তাল, পুলিশের সাথে হচ্ছে সংঘর্ষ। কিছুক্ষেত্রে পুলিশ বিক্ষোভকারীদের ওপর চালিয়েছ গুলি। বেশ কয়েকটি রাজ্যে জারি করা হয়েছে কারফিউ। এমন অবস্থায় পুলিশি বাধা সত্ত্বেও দিল্লির জামে মসজিদে শুক্রবার (২০ ডিসেম্বর) জুমার নামাজ শেষে বিক্ষোভে নামেন হাজারো মুসল্লি।শুক্রবার জুমার নামাজ শেষ হওয়ার পর কয়েক হাজার মানুষ বিক্ষোভ প্রদর্শন শুরু করেন। এই বিক্ষোভের নেতৃত্ব দেন ভীম সেনার প্রধান চন্দ্রশেখর আজাদ। এসময় তার হাতে ছিল ভারতীয় সংবিধানের একটি প্রতিলিপি। জামে মসজিদ থেকে মিছিলের জন্য পুলিশের নিকট অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু দিল্লি পুলিশ মসজিদ চত্বরে বিক্ষোভ প্রদর্শন বেআইনি দাবি করে কোনো অনুমতি দেয়নি।