
আন্তর্জাতিক ডেস্কঃ বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে ভারতজুড়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে। নয়াদিল্লিতে বিক্ষোভের সময় আটক করা হয় বেশ কয়েকজনকে। আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং অল ইন্ডিয়া মজলিস-এ ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান আসাদউদ্দিন ওয়াইসির বিরুদ্ধে ভারতে গৃহযুদ্ধ ছড়ানোর অভিযোগ তুলেছে বিজেপি। বিক্ষোভে উত্তাল নয়াদিল্লি। বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে বৃহস্পতিবার নয়াদিল্লির রাজপথে জড়ো হন কয়েকশ’ মানুষ। এতে শিক্ষার্থী, রাজনৈতিক দলসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। বিতর্কিত আইনটির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা। আন্দোলনকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর দমন-পীড়নের তীব্র সমালোচনা করেন তারা। এ সময় আটক করা হয় বেশ কয়কেজনকে।
একই প্রতিবাদে ব্যাঙ্গালুরুতে বিক্ষোভ করেন কয়েকশ’ নারী। এতে সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন সংগঠনের নারীরা অংশ নেন। এছাড়া ব্যাপকভাবে সমালোচিত মুসলিমবিরোধী আইনটির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন ভারতের সাংবাদিকরাও। মুম্বাই প্রেসক্লাবের সামনে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমের সংবাদ মাধ্যমের ওপর বিজেপি সরকারের কড়াকড়ি আরোপের প্রতিবাদ জানান তারা। সিনিয়র সাংবাদিক গুরবির সিং বলেন, যখন স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থায় প্রতিরোধ সৃষ্টি করা হয়। যখন ইন্টারনেট বন্ধ করে দিয়ে সাধারণ মানুষের জানার পরিধি কমিয়ে দেয়া হয় তখন মানুষ গুজবকে বিশ্বাস করতে শুরু করে। সমাজে বিভাজন এবং সহিংসতা বাড়তে থাকে। স্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য যোগাযোগ মাধ্যম স্বাভাবিক হওয়া প্রয়োজন সম্প্রতি নয়াদিল্লিতে বিক্ষোভ-সহিসংতায় জড়িতদের কঠোর শাস্তির মুখোমুখি করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর নেয়া পদক্ষেপের ভুয়সী প্রশংসা করেন তিনি।