
আন্তর্জাতিক ডেস্কঃ ঠাণ্ডা আবহাওয়ার কারণে ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য হরিয়ানায় বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) স্কুল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। রাজ্যের শিক্ষামন্ত্রী কানওয়ার পাল এক ঘোষণায় বলেন, ২৬ ডিসেম্বর রাজ্যের সব সরকারি ও বেসরকারি স্কুল বন্ধ থাকবে। গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন স্থানে দিনের তাপমাত্রা ১১ থেকে ১৫ ডিগ্রির ঘরে ঘুরপাক খাচ্ছে, যা স্বাভাবিক সময়ের তুলনায় ৬ থেকে ৯ ডিগ্রি কম। তাপমাত্রার এ নিন্মগতি আগামী আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এদিকে ভারতের রাজধানী দিল্লিতে নিয়মিত তাপমাত্রা কমছে। সেই সঙ্গে ঘন কুয়াশায় সকালে কমে যাচ্ছে দৃষ্টিসীমা। এতে বিঘ্ন ঘটছে রেল ও আকাশপথের যোগাযোগ ব্যবস্থায়।