
আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান বলেছেন, লিবিয়া সরকার তুরস্ককে সেনা মোতায়েনের জন্য আমন্ত্রণ জানিয়েছে। আর সেজন্য তুর্কি সংসদে শিগগিরই একটি বিল পাস করা হবে।তুর্কি প্রেসিডেন্ট জানান, আন্তর্জাতিকভাবে স্বীকৃত লিবিয়ার সরকারকে সহযোগিতা করার জন্য জানুয়ারি মাসেই তুরস্কের সংসদে তার দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি একটি বিল আনবে।বৃহস্পতিবার রাজধানী আঙ্কারায় একে পার্টির সদস্যদের এক সমাবেশে বক্তৃতা দেয়ার সময় তিনি এ কথা জানান বলে খবর দিয়েছে পার্সটুডে।এরদোয়ান বলেন, যেহেতু লিবিয়ার পক্ষ থেকে আমন্ত্রণ আছে সেক্ষেত্রে আমরা তা গ্রহণ করব এবং আমরা শিগগিরই লিবিয়ায় সেনা পাঠানোর ব্যাপারে একটি প্রস্তাবনা সংসদের কার্যতালিকায় আনবো। ইনশাল্লাহ আগামী ৮ অথবা ৯ জানুয়ারি সংসদে এ বিল পাস হবে।প্রসঙ্গত, লিবিয়া সরকারের সঙ্গে তুরস্ক সম্প্রতি একটি সামরিক চুক্তি করেছে এবং এরই মধ্যে তুর্কি সংসদে তা অনুমোদন করা হয়েছে। তবে লিবিয়ায় সেনা পাঠাতে হলে সংসদ থেকে তার জন্য আলাদাভাবে অনুমোদন নিতে হবে।