
আন্তর্জাতিক ডেস্কঃ ঠান্ডায় জবুথবু রাজধানী দিল্লি ৷ তাপমাত্রার পারদ নামল ২.৪ ডিগ্রিতে ৷ যা শুধুমাত্র এই মরশুমের সর্বনিম্নই নয়, আবহাওয়াবিদরা জানাচ্ছেন শেষ দিল্লিতে এরকম ঠান্ডা পড়েছিল ১৯০১ সালে ৷ আজ সকাল ভারতীয় সময় ৬টা ১০-এ নয়াদিল্লির তাপমাত্রা ছিল ২.৪ ডিগ্রি সেলসিয়াস ৷ শীতের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে কুয়াশাও৷ ঘন কুয়াশায় দৃশ্যমানতা বেশ কমেছে বলেই জানিয়েছে মৌসম ভবন ৷ গত ১৪ ডিসেম্বর থেকে ক্রমাগত পারদ নামছে রাজধানী শহরে ৷ গোটা দেশেই এবার শীত পড়েছে জাঁকিয়ে ৷ রাজস্থানের মরু অঞ্চলেও তুষারপাতের মতো ঘটনার সাক্ষী থেকেছে দেশবাসী ৷ শহর কলকাতাতেও জাঁকিয়ে কামড় বসিয়েছে শীত ৷ দিল্লির মৌসম ভবন জানাচ্ছে, প্রবল ঠান্ডার সঙ্গী হতে আগামী দু’দিন রাজধানীতে হালকা বৃষ্টি, কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে৷