
আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানে একটি সামরিকঘাঁটিতে হামলায় অন্তত ১০ আফগান সেনা সদস্য নিহত হয়েছে। আজ শনিবার দেশটির দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে এ হামলা চালানো হয়। তালেবানরা হামলার দায় স্বীকার করেছে।খবরে বলা হয়েছে, হামলার আগে তালেবানরা সেখানে একটি টানেল খুঁড়ে সামরিক ক্যাম্পের ভেতরে প্রবেশের ব্যবস্থা করে এবং তার পর বোমা বিস্ফোরণে সেটি উড়িয়ে দেয়। বিস্ফোরণের পর পরই তালেবান গেরিলারা সেনাদের ওপর হামলা চালায়।প্রসঙ্গত, কয়েকদিন আগেই তালেবানদের আরেক হামলায় বেশ কয়েকজন আফগান সেনার মৃত্যু হয়। তার আগে অন্য এক হামলায় এক মার্কিন সেনা নিহত হয়।তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছেন বলে জানিয়েছে পার্সটুডে।
উল্লেখ্য, যখন আমেরিকা ও তালেবানের মধ্যে শান্তি আলোচনা চলছে তখন দফায় দফায় তালেবান যোদ্ধারা মার্কিন ও আফগান সেনাদের ওপর হামলা চালাচ্ছে।২১৫ মাইওয়ান্দ আর্মি কোরের মুখপাত্র নবাব যাদরান ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, তালেবানের হামলার সময় ক্যাম্পে ১৮ জন সেনা ছিলেন। এসব সেনা হেলমান্দ প্রদেশের সাঙ্গিন এলাকার জনগণের নিরাপত্তা দেয়ার কাজে নিযুক্ত ছিলেন।খবরে বলা হয়েছে, হামলায় ১৮ সেনার মধ্যে ১০ জন মারা যায় এবং চারজন আহত হয়। বাকি চার সেনা অত্যন্ত সাহসিকতার সাথে তালেবানের হামলা মোকাবেলা করে।প্রাদেশিক সরকারের মুখপাত্র ওমর জওক হামলার কথা নিশ্চিত করে জানান, ঘাঁটির ভেতরে শক্তিশালী বিস্ফোরণের পর আফগান সেনারা মারা যান।