
আন্তর্জাতিক ডেস্কঃ আন্তঃমহাদেশী ক্ষেপণাস্ত্র ও পরমাণু অস্ত্র উন্নয়নের হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। বুধবার (০১ জানুয়ারি) দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন বলেন, শিগগিরই বিশ্ববাসী নতুন কৌশলগত অস্ত্রের প্রদর্শনী দেখতে পাবে। প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কিম পরমাণু নিরস্ত্রীকরণে চুক্তিবদ্ধ। তিনি কথা রাখবেন বলেও আশা ট্রাম্পের।খ্রিষ্টীয় নতুন বছর উদযাপনে মাতোয়ারা উত্তর কোরিয়াও। মঙ্গলবার রাতে রাজধানী পিয়ংইয়ংয়ের কিম ইল সুং স্কয়ায়ে জড়ো লাখো মানুষ। উপভোগ করেন মনোমুগ্ধকর আতশবাজি উৎসব। হারিয়ে যান সুরের মূর্ছনায়। উত্তর কোরীয়রা যখন নতুন বছর বরণে ব্যস্ত তখন তাদের সর্বোচ্চ নেতা কিম জং উন জানালেন নতুন পরিকল্পনার কথা। আজ বুধবার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির চার দিনব্যাপী সম্মেলন শেষে জানানো হয়, মার্কিন হুমকি মোকাবিলা এবং নিজেদের নিরাপত্তায় পরমাণু ও ক্ষেপণাস্ত্রের পরীক্ষা-নিরীক্ষা শুরু করবে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্রের দাদাগিরির নিন্দা জানিয়ে বলা হয়, পরমাণু ও ক্ষেপণাস্ত্র কার্যক্রম বন্ধ রাখার পরও, ওয়াশিংটন পিয়ংইয়ংয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ মহড়া চালিয়েছে। এ অবস্থায়, পরমাণু ও ক্ষেপণাস্ত্রের উন্নয়ন কার্যক্রম বন্ধ রাখার কোনো মানে নেই বলেও মনে করেন কিম জং উন। তিনি বলেন, অপর পক্ষ কোনো প্রতিশ্রুতিই রক্ষা করেনি। শুধু শুধু আমরা কেনো প্রতিশ্রুতি রক্ষা করতে যাবো। ভবিষ্যতে নতুন অস্ত্রের প্রদর্শনী দেখবে বিশ্ববাসী। তবে আলোচনার বিষয়টি সম্পূর্ণ যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে। প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কিমের সঙ্গে তার ভালো সম্পর্ক। স্মরণ করিয়ে দিলেন, পরমাণু নিরস্ত্রীকরণে প্রতিশ্রুতিবদ্ধ কিম।