
আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুক্রবার (০৩ জানুয়ারি) এক বিবৃতিতে এ ঘটনায় পরিস্থিতি হুমকির মুখে দাঁড়িয়েছে বলে মন্তব্য করা হয়েছে। এর আগে শুক্রবার সকালে ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের বিপ্লবী গার্ডসের কমান্ডার কাসেম সোলাইমানি ও ইরাকি কমান্ডার আবু মাহদি আল-মুহান্দিস নিহত হন। বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে কাসেমের গাড়ি বহর লক্ষ্য করে একটি মার্কিন হেলিকপ্টার পরপর চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এতে কাসেম সোলাইমানিসহ ঘটনাস্থলে পাঁচজন নিহত হন। ক্ষেপণাস্ত্র হামলায় কাসেম সোলাইমানির গাড়ি বহরে আগুন ধরে। আন্তর্জাতিক গণমাধ্যমে ওই দৃশ্যের ভিডিও প্রকাশ করা হয়েছে। ছিন্নভিন্ন গাড়িতে আগুন জ্বলতে দেখা যাচ্ছে। হামলায় নিহতদের চেহারা দেখে শনাক্ত করার কোনো উপায় ছিল না। পরে কাসেম সোলাইমানির আঙুলে থাকা একটি বড় আংটি দেখে তার লাশ শনাক্ত করা হয় বলে খবর প্রকাশ করেছে ডেইলি মেইল। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সোলাইমানির হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, এ ঘটনার জেরে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি, শান্তি ও স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।