
আন্তর্জাতিক ডেস্কঃ লিবিয়ায় সেনা মোতায়েনের অনুমোদন দিয়েছে তুরস্কের পার্লামেন্ট। বৃহস্পতিবার এ বিষয়ে তুরস্কের পার্লামেন্টে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। এতে বিলটির পক্ষে ভোট দেন ৩শ' ২৫ জন আইন-প্রণেতা। আর বিপক্ষে ভোট দেন ১৮৪ জন। এর ফলে ত্রিপোলির সরকারি বাহিনীর পরামর্শক ও প্রশিক্ষক হিসেবে সেনা মোতায়েন করতে পারবে তুরস্ক।তবে আঙ্কারার এই পদক্ষেপের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে মিশর। তুরস্কের ঐ সিদ্ধান্ত পরিস্থিতি আরো জটিল করে তুলবে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকেই সহিংসতা আর বিভক্তিতে জর্জরিত লিবিয়া। গত প্রায় পাঁচ বছর ধরে দেশটিতে সক্রিয় রয়েছে দু'টি সরকার। এর মধ্যে রাজধানী ত্রিপোলি থেকে পরিচালিত সরকারকে সমর্থন দিয়েছে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের বড় অংশ।
আর দেশটির পূর্বাঞ্চল থেকে পরিচালিত জেনারেল খলিফা হাফতারের নেতৃত্বাধীন অপর সরকারটিকে সমর্থন দিচ্ছে মিশর, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, সৌদি আরব,ও ফ্রান্স। ত্রিপোলির জাতিসংঘ স্বীকৃত সরকারকে সমর্থন দিয়ে আসছে তুরস্ক। গত সপ্তাহে দেশটির ক্ষমতাসীন একে পার্টির এক অনুষ্ঠানে লিবিয়ায় সেনা মোতায়েনের ঘোষণা দেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তার ঐ ঘোষণার কয়েকদিন যেতে না যেতেই বৃহস্পতিবার তুরস্কের পার্লামেন্টে এ বিষয়ে একটি বিল পাস করা হয়। এর ফলে ত্রিপোলির সরকারি বাহিনীর পরামর্শক ও প্রশিক্ষক হিসেবে নন কমব্যাট বা সরাসরি যুদ্ধে নিয়োজিত নয় এমন সেনা মোতায়েন করতে পারবে তুরস্ক। বিলটির মেয়াদ ধরা হয়েছে এক বছর। তবে কত সংখ্যক সেনা মোতায়েন করা হবে সে বিষয়ে বিস্তারিত কিছুই জানানো হয়নি।