
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর কুদস বাহিনীর কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানির পদে নিয়োগ দেওয়া হয়েছে তারই একসময়ের সহকারী ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কাআনিকে। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির খবরে এ তথ্য জানানো হয়েছে। শুক্রবার (০৩ জানুয়ারি) ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এ নিয়োগ দেন। এর আগে লে. জেনারেল কাসেম সোলাইমানির সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন জেনারেল ইসমাইল কাআনি। সোলেইমানি খুন হওয়ার পর ইরানের সর্বোচ্চ নেতা বলেছিলেন, সোলেমানির অধীনে কুদস ইউনিটের কার্যক্রম যেমন ছিল ‘এখনো ঠিক তেমনই থাকবে’। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রকে 'কঠিন প্রতিশোধের' হুমকি দেন। শুক্রবার সকালে ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় কাসেম সোলাইমানিসহ পাঁচ জন নিহত হয়েছেন। ওই হামলায় নিহত হন ইরাকি কমান্ডার আবু মাহদি আল-মুহান্দিসও। শুক্রবার হত্যাকাণ্ডের পর পেন্টাগন বলছে, ইরাক ও পুরো অঞ্চলে মার্কিন সেনা ও কূটনীতিকদের ওপর হামলার পরিকল্পনা করে আসছিলেন সোলাইমানি।