
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান রেলস্টেশনের ভবনের বারান্দা ভেঙ্গে পরে দুই জন আহত হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যায় এই ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, বর্ধমান স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে প্রবেশের মুখেই ছিল ঝুলন্ত বারান্দাটি। সেখানে সংস্কারের কাজ চলছিল। শনিবার সকালেই স্টেশন পরিদর্শন করেন রেলের হাওড়া ডিভিশনের কর্তারা। ফলে ওই জায়গা আগে থেকেই ফাঁকা করে দেওয়া হয়েছিল। পুরনো নির্মাণ হওয়ায় সন্ধ্যায় বারান্দাটি থেকে ইট-সুরকি খসতে পড়তেও দেখা যায়। তারপরই ধসে পড়ে বারান্দাটির কাঠামোটি। এদিকে দুর্ঘটনা নিয়ে রেলের হাওড়া ডিভিশনের ম্যানেজার ইশাক খান সংবাদ মাধ্যমকে বলেন, ‘কেন এমন ঘটল তা পরীক্ষা করে দেখা হবে। ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক। রেলের মূল আগ্রাধিকার যাত্রী নিরাপত্তা।’ কেন এই ধরনের দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ভারতীয় রেল কর্তৃপক্ষ। এদিকে মারাত্মক আহত দুইজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।