
আন্তর্জাতিক ডেস্কঃ নাগরিকত্ব সংশোধন আইনের পক্ষে-বিপক্ষে উত্তাল ভারতের রাজপথ। আইনটি বাতিলের দাবিতে হায়দ্রাবাদের রাস্তায় নামেন প্রায় ১০ লাখ মানুষ। অচিরেই বিতর্কিত এ আইন বাতিল করা না হলে, আরও বড় পরিসরে আন্দোলনের ঘোষণা দেয়া হয়। ভারতজুড়ে এমন প্রতিবাদ আগে কখনও হয়নি উল্লেখ করে, বিজেপিকে দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়েছে বিরোধীদল কংগ্রেস। তবে ফেব্রুয়ারি থেকেই আইনটির বাস্তবায়ন করার পরিকল্পনা করছে নরেন্দ্র মোদি প্রশাসন। আসামে আইনটির পক্ষে রাস্তায় নামেন এক লাখের বেশি বিজেপি কর্মী। কানায় কানায় পূর্ণ রাজপথ। ভারতের তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হায়দ্রাবাদে বিতর্কিত নাগরিকত্ব আইন রদের দাবিতে রাস্তায় নামেন লাখ লাখ মানুষ। মুসলমানরা বলেন, এই দেশ সবার। সবাইকে থাকতে দিতে হবে। এ আইন বাস্তবায়ন করলে মুসলিমরা বিপদে পড়বেন। হায়দ্রাবাদে এমন বিক্ষোভের মধ্যেই আসামে উল্টো আইনটির পক্ষে মহাসমাবেশ ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বিজেপির কর্মীরা এতে অংশ নেন। দলটির নেতারা যেকোনো মূল্যে ভারতজুড়ে আইনটি বাস্তবায়নের ঘোষণা দেন।
বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা বলেন, আফগানিস্তানে ৫০ হাজার শিখ ছিলেন একটা সময়, এখন মাত্র ২ হাজার রয়েছেন অবশিষ্ট। পাকিস্তানে হিন্দু, জৈন, খ্রিস্টান, বৌদ্ধদের সংখ্যা ছিল ২৩ শতাংশ, যা ৩ শতাংশে নেমেছে। বাংলাদেশেও হিন্দু-খ্রিস্টানদের জনসংখ্যা দিন দিন কমছে। তারা এখন কোথায় গেছে? জ্যেষ্ঠ বিজেপি নেতাদের সূত্রে গণমাধ্যম জানায়, আপাতত ফেব্রুয়ারি থেকে নতুন এ আইনটি কার্যকর করতে চাইছে নরেন্দ্র মোদি প্রশাসন। ইতোমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ইঙ্গিতও দিয়েছেন। আর এটি বাস্তবায়ন না করা রাজ্যগুলোতে রাষ্ট্রপতির শাসন জারির হুঁশিয়ারি দিয়েছেন মধ্যপ্রদেশের বিজেপি নেতা উদয় প্রতাপ সিং। এদিকে বিতর্কিত আইনটির সমর্থনে লন্ডনেও মানববন্ধন করেন বিজেপিমনা ভারতীয়রা।