
আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন বিমান হামলায় ইরানের প্রভাবশালী জেনারেল কাসেম সোলেমানি নিহত হওয়ার জেরে এবার পরমাণু চুক্তি থেকে সরে আসার ঘোষণা দিলো ইরান।রবিবার দেশটির রাজধানী তেহরানে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের পর এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়েছে।ইরানের বিবৃতিতে জানানো হয়, এখন থেকে পরমাণু শক্তি বৃদ্ধি, উপকরণ সমৃদ্ধকরণ বা গবেষণার ও উন্নতির ক্ষেত্রে আর কোনও সীমাবদ্ধতা রাখবে না ইরান। তবে দেশটির পক্ষ থেকে পারমাণু বিষয়ক আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সহযোগিতা অব্যাহত রাখার কথাও বলা হয়েছে।২০১৫ সালে পরমাণু চুক্তির মাধ্যমে যেসব বিধিনিষেধ আরোপ করা হয়েছিল, তাও আর মানা হবে না বলে জানিয়েছে ইরান। এর আগে ২০১৫ সালে ৬ দেশের সঙ্গে পরমাণু চুক্তি অনুযায়ী ইরান তাদের স্পর্শকাতর পরমাণু কার্যক্রম সীমিত রাখতে সম্মত হয়েছিল।বৃহস্পতিবার রাতে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর এলিট কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেমানি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে সোলেমানিকে হত্যা করা হয় বলে নিশ্চিত করেছে পেন্টাগন।