News71.com
 International
 11 Jan 20, 01:44 PM
 223           
 0
 11 Jan 20, 01:44 PM

কলকাতায় মোদী-মমতা আজ এক মঞ্চে ॥ হতে পারে বৈঠক

কলকাতায় মোদী-মমতা আজ এক মঞ্চে ॥ হতে পারে বৈঠক

আন্তর্জাতিক ডেস্কঃ নাগরিকত্ব –আন্দোলনের আবহেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সূত্রের খবর, তাঁদের মধ্যে একান্ত বৈঠকও হতে পারে।এক রাতের সফরে আজ শনিবার বিকেলে মোদী পৌঁছবেন কলকাতায়। ফিরবেন রবিবার দুপুরে। শনিবার সন্ধ্যায় কলকাতা বন্দরের দেড়শ বছর পূর্তি উপলক্ষ্যে মিলেনিয়াম পার্কে একটি অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেখানেই মঞ্চে মুখ্যমন্ত্রীরও থাকার কথা।তার আগেই অবশ্য রাজভবনে মোদী-মমতার একান্ত বৈঠকের সম্ভাবনা। আপাতত প্রধানমন্ত্রীর যে সফর সূচি জানা গিয়েছে তাতে দিল্লি থেকে এসে কলকাতায় রাজভবনে পৌঁছনর পর ঘন্টা দেড়েক তাঁর কোনও ‘ঘোষিত’ কর্মসূচি নেই। সরকারিভাবে যাকে বলা হয় ‘রিজার্ভড’ সময়। সেই অবসরে তিনি নিজস্ব দেখাসাক্ষাতের কর্মসূচি সেরে নিতে পারেন।

সরকারি সূত্রে খবর, ওই সময়ের মধ্যে রাজভবনে গিয়ে মমতা দেখা করতে পারেন মোদীর সঙ্গে। পরে তাঁরা দু’জনেই যাবেন মিলেনিয়ম পার্কে। সেখান থেকেই গঙ্গা-পথে জলযানে বেলুড় মঠ যাবেন প্রধানমন্ত্রী। ফিরতে রাত সাড়ে দশটা। তাই মমতার সঙ্গে বৈঠক হলে বিকেলবেলাই প্রশস্ত সময়। কিন্তু দিল্লির বিরোধী বৈঠকে না গিয়ে রাজ্যে মোদীর সঙ্গে বৈঠকের সম্ভাবনা তৈরি হওয়ায় মমতার সমালোচনায় সরব রাজ্যের কংগ্রেস ও সিপিএম।বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে মোদী-মমতা দেখা হওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে পর্যবেক্ষকেরা মনে করেন। কারণ নতুন নাগরিকত্ব আইন ( সিএএ) এবং জাতীয় নাগরিক পঞ্জীর বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলনের ডাক দিয়ে প্রথম পথে নেমেছিলেন মমতাই। সেই লক্ষ্যে জাতীয় স্তরে জোট গড়ে তুলতে বিজেপি-বিরোধী রাজনৈতিক নেতাদের চিঠিও দিয়েছিলেন তিনিই। তাঁর সেই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সোনিয়া গান্ধী থেকে শরদ পওয়ার সকলে।

এদিকে ১৩ জানুয়ারি সোনিয়ার ডাকে দিল্লিতে বিরোধী নেতাদের বৈঠক। কিন্তু শেষমুহূর্তে মমতা জানিয়ে দিয়েছেন কংগ্রেস ও সিপিএম রাজ্যে বনধের নামে যে ‘গুন্ডামি’ করেছে তার প্রতিবাদে তিনি বৈঠকে যাবেন না।যদিও মোদীর সঙ্গে মমতার সম্ভাব্য বৈঠকের আলোচ্য হিসেবে ‘রাজনীতি’ গুরুত্ব পাবে না বলে নবান্নের শীর্ষ মহলের দাবি। ওই সূত্রে বলা হয়, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে গেলে মুখ্যমন্ত্রী তাঁকে রাজ্যের বিভিন্ন দাবিদাওয়ার কথা বলবেন। কেন্দ্র যে রাজ্যকে বিভিন্ন খাতে বকেয়া টাকা দিচ্ছে না, সেই অভিযোগও মোদীকে জানাবেন মমতা। পুজোর আগে দিল্লি গিয়ে মোদীর সঙ্গে দেখা করেছিলেন মমতা। আলাদা বৈঠক হয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও। তারপরে আবার এখন মোদী-মমতা সাক্ষাতের সুযোগ উপস্থিত। দুই শীর্ষস্থানীয় নেতার একান্ত বৈঠক হলে তা শুধুই রাজ্যের দাবিদাওয়ার মধ্যেই ‘সীমিত’ থাকবে কি না, সে কৌতূহল অবশ্য থেকে যাচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন