
আন্তর্জাতিক ডেস্কঃ দেশজুড়ে তীব্র বিক্ষোভের মধ্যেই ভারতে কার্যকর হলো বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন সি.এ.এ। শুক্রবার (১০ জানুয়ারি) রাতে এক গেজেটে আইনটি কার্যকরের কথা জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর প্রতিবাদ জানিয়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেন বহু মানুষ। শুক্রবার রাতে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের গেজেট প্রকাশ করে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রণালয়। এতে বলা হয়, ২০১৯ সালের নাগরিকত্ব সংশোধিত আইনের ধারা ১ এবং উপধারা ২ অনুযায়ী ২০২০ সালের ১০ জানুয়ারি থেকে আইনটি কার্যকর করা হলো। সরকারের এমন সিদ্ধান্তের আভাস পেয়ে এদিন বিকেল থেকেই রাজধানী নয়াদিল্লির রাস্তায় অবস্থান নেন কয়েক হাজার মানুষ। দিল্লি ছাড়াও বিক্ষোভ হয়েছে হায়দ্রাবাদে। বিজেপি সরকার দেশকে সংঘাতের দিকে ঠেলে দিতেই এমন উদ্যোগ নিয়েছে বলে অভিযোগ বিক্ষোভকারীদের।