
আন্তর্জাতিক ডেস্কঃ ইরাকে মার্কিন হামলায় ইরানের কমান্ডার কাশেম সুলেইমানিকে হত্যার পর উপসাগরীয় অঞ্চলে তীব্র উত্তেজনার মধ্যেই আজ (১২ জানুয়ারি) তেহরান যাচ্ছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। দুই দিনের রাষ্ট্রীয় সফরে ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানিসহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন তিনি। কাতারের সরকারি সংবাদ সংস্থা কিউএনএ জানিয়েছে, বৈঠকে দু'দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার নিয়ে আলোচনা হবে। পাশাপাশি, অঞ্চলের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়াদি নিয়েও কথা বলবেন তারা। সকালে শেখ তামিম ওমানের রাজধানী মাস্কাটে পৌঁছান। সেখানে তিনি সুলতান কাবুস বিন সাইদ আল সাইদের মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং নতুন সুলতান হাইসাম বিন তারিক আল সাইদকে অভিনন্দন জানান।
গত শনিবার মধ্যপ্রাচ্যের নতুন পরিস্থিতি, জেনারেল কাসেম সোলাইমানিকে গুপ্তহত্যা ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেছেন জারিফ ও তার কাতারি সমকক্ষ মোহাম্মদ বিন আবদুল রহমান আল সানি।গত শুক্রবার সকালে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হওয়ার সময় ড্রোন হামলা চালিয়ে হত্যা করা হয় আল-কুদস ফোর্সের প্রধান ও বিপ্লবী গার্ডস বাহিনীর কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলাইমানি ও ইরাকের হাশেদ নেটওয়ার্কের কমান্ডার আবু মাহদি আল মুহান্দিসকে।এতে ইরানজুড়ে শোক ছড়িয়ে পড়েছে ও মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।