
আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার সংবিধান পরিবর্তনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রস্তাবের কয়েক ঘণ্টার মাথায় পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ। এতে করে পুতিনের দীর্ঘমেয়াদি ক্ষমতায় থাকার পথ আরো সহজ হলো। বুধবার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক শেষে মেদভেদেভ বলেন, পুতিনের প্রস্তাবিত পরিকল্পনায় ক্ষমতার ভারসাম্যে ব্যাপক পরিবর্তন আনবে। দীর্ঘদিনের বিশ্বস্ত মেদভেদেভকে জাতীয় নিরাপত্তা পরিষদের উপ প্রধান হিসেবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন পুতিন। মেয়াদ পূর্ণ হওয়ার চার বছর আগেই বুধবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সবাইকে চমকে রাশিয়ার পার্লামেন্ট ও ক্যাবিনেটের ক্ষমতা বাড়ানোর প্রস্তাব দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রস্তাবিত সংবিধান সংশোধনের মধ্য দিয়ে আইনপ্রণেতারা প্রধানমন্ত্রী ও ক্যাবিনেট সদস্যদের নাম প্রস্তাব করতে পারবেন যা বর্তমানে এককভাবে প্রেসিডেন্টের এখতিয়ারে আছে। তবে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা ভেঙে দেয়ার পাশাপাশি প্রতিরক্ষা দফতর ও শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের নিয়োগের অধিকার প্রেসিডেন্টের হাতেই রাখার প্রস্তাব দেন পুতিন।
সংবিধান পরিবর্তনের ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ। এরপর প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে তিনি বলেন, রাশিয়ার রাজনৈতিক পরিবর্তনে প্রেসিডেন্ট যে পরিকল্পনা নিয়েছেন তা বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে সব ধরণের সুযোগ করে দেয়া উচিত। এ সময় ২০১২ থেকে প্রধানমন্ত্রী ও ২০০৮ থেকে ২০১২ পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা দিমিত্রি মেদভেদেভকে ধন্যবাদ জানান পুতিন। ভ্লাদিমির পুতিন বলেন, সরকারের সবকিছু সফল না হলেও যেটুকু অর্জন হয়েছে তাতে আমি অভিনন্দন জানাই। অবশ্য সফল হয়নি। আমি চাই মেদভেদেভ প্রতিরক্ষা দফতরের সঙ্গে নিযুক্ত থাকুক। রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের উপ চেয়ারম্যান পদ সৃষ্টি করা সম্ভব এবং আমি মনে করি এই পদের জন্য মেদভেদেভ উপযুক্ত।
রাশিয়ার সংবিধান অনুযায়ী পরপর দুই মেয়াদের বেশি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সুযোগ নেই। এ কারণে ২০০০ থেকে ২০০৮ পর্যন্ত দুই মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করলেও ২০০৮ থেকে ২০১২ পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন ভ্লাদিমির পুতিন। এরপর ২০১২ সালে আবারও তৃতীয় ও ২০১৮ সালে চতুর্থবারের টানা দিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে আসছেন তিনি। চলতি মেয়াদ শেষ হওয়ার পরও নিজের হাতে ক্ষমতা ধরে রাখতেই পুতিন এই সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করেন বিশ্লেষকরা। তবে ক্ষমতা আঁকড়ে রাখার অভিযোগ থাকা সত্ত্বেও পুতিনের শাসনের প্রতি সন্তুষ্ট রাশিয়ার অধিকাংশ মানুষ। প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভের পদত্যাগের পর তাৎক্ষণিক এক অনলাইন জরিপ এই পদত্যাগকে ইতিবাচক হিসেবে দেখছে দেশটির ৫৪ শতাংশ মানুষ।