News71.com
 International
 19 Jan 20, 06:17 PM
 249           
 0
 19 Jan 20, 06:17 PM

রাজনৈতিক অস্থিরতা॥ উত্তাল লেবানন

রাজনৈতিক অস্থিরতা॥ উত্তাল লেবানন

আন্তর্জাতিক ডেস্কঃ রাজনৈতিক এবং অর্থনৈতিক ব্যবস্থার আমূল পরিবর্তনের দাবিতে সংঘর্ষ ও জ্বালাও-পোড়াও কর্মসূচিতে উত্তাল লেবানন। শনিবার (১৮ জানুয়ারি) রাজধানী বৈরুতে নিরাপত্তা বাহিনী ও আন্দোলনকারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে আহত হন দেড় শতাধিক। সহিংসতায় জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। রাজধানীতে বিশৃঙ্খলা দমনে সেনা ও নিরাপত্তা বাহিনীর প্রধানদের পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট মিশেল আউন। লেবাননে চলমান রাজনৈতিক অচলাবস্থা এবং অর্থনৈতিক মন্দা নিরসনের দাবিতে শনিবার রাজধানী বৈরুতের রাস্তায় নামেন হাজারো মানুষ। রাজপথে নামতেই পুলিশি বাধার মুখে পড়ে আন্দোলনকারীরা। জলকামান নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়ার চেষ্টা করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এতে ক্ষোভে ফুঁসে উঠে আন্দোলনকারীরা।

হামলার প্রতিবাদে সড়কে ভাংচুর এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে আগুন দেয়ার পাশাপাশি পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোঁড়ে বিক্ষুব্ধ জনতা। দিন গড়িয়ে রাতেও অব্যাহত থাকে তাণ্ডব। পরিস্থিতি অবনতি হতে থাকায়, কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। উভয় পক্ষের দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানী। এতে আন্দোলনকারী ও পুলিশসহ দেড় শতাধিক আহত হয় বলে জানিয়েছে স্থানীয় রেড ক্রিসেন্ট। সহিংসতায় জড়িত থাকার অভিযোগে ঘটানাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়। গুরুতর আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এদিকে, সহিংসতা পরিহার করে সংকটের শান্তিপূর্ণ সমাধানে সেনা ও নিরাপত্তা বাহিনীর প্রধানদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মিশেল আউন। এক বিবৃতিতে প্রেসিডেন্টের দফতর থেকে আন্দোলনকারীদের সুরক্ষা ও সরকারি-বেসরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতি এড়াতে নির্দেশনা দেয়া হয়েছে। অর্থনৈতিক মন্দা ও সরকারের দুর্নীতির বিরুদ্ধে গেল তিন মাস ধরে বিক্ষোভ করে আসছে লেবাননবাসী। তীব্র বিক্ষোভের মুখে গত ২৯ অক্টোবর সরকার পদত্যাগ করলেও, বিভিন্ন রাজনৈতিকদলের মধ্যে বিভক্তির কারণে নতুন প্রধানমন্ত্রী নিয়োগের বিষয়ে এখনও সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। ফলে নতুন করে জোরালো হয়েছে বিক্ষোভ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন