News71.com
 International
 20 Jan 20, 11:45 AM
 295           
 0
 20 Jan 20, 11:45 AM

চলে গেলেন বিশ্বের সবথেকে ক্ষুদ্রতম পুরুষ॥

চলে গেলেন বিশ্বের সবথেকে ক্ষুদ্রতম পুরুষ॥

আন্তর্জাতিক ডেস্কঃ জীবনযুদ্ধে হার মানালো নিউমোনিয়া। মাত্র ২৭ বছরেই চলে গেলেন বিশ্বের সবথেকে ক্ষুদ্রতম পুরুষ। গত কয়েকদিন ধরে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে নেপালের এক হাসপাতালে ভরতি ছিলেন তিনি। সেখানেই শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খগেন্দ্র থাপা মাগার। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস করা ওই ব্যক্তির মৃত্যুতে ভেঙে পড়েছেন তাঁর পরিচিতরা। শোকের ছায়া নেমে এসেছে গোটা নেপাল জুড়ে। খগেন্দ্র থাপা মাগার নামে নেপালের ওই ব্যক্তির উচ্চতা ছিল মাত্র ৬৭.০৮ সেন্টিমিটার অর্থাত্‍ ২ ফুট ২.৪১ ইঞ্চি। নিজের বলতে মা-বাবা ছাড়া আর কেউই ছিল না তাঁর। পোখরাতেই থাকতেন খগেন্দ্র। ১৮ বছরের জন্মদিনের পরই ২০১০ সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস করেন তিনি। এমনকি গিনেসের পক্ষ থেকে তাঁকে যে শংসাপত্রটি দেওয়া হয়েছিল সেটির উচ্চতাও তাঁর থেকে বেশি ছিল। নেপাল পর্যটনের অন্যতম প্রধান জনপ্রিয় মুখ ছিল এই খগেন্দ্র থাপা মাগার। তাঁর মৃত্যুর খবরে মুষড়ে পড়েছে নেপাল সরকারও।

বিশ্বের ক্ষুদ্রতম পুরুষের বাবা রূপ বাহাদুর জানান, ”জন্মের সময়েও অত্যন্ত ছোট ছিল খগেন্দ্র। ও এতটাই ছোট ছিল যে হাতের তালুর মধ্যেই ধরে যেত। আয়তনে অত্যন্ত ছোট হওয়ায় ওকে স্নান করাতে খুবই সমস্যা হত।”বিশ্বের ক্ষুদ্রতম পুরুষ হিসাবে খগেন্দ্র একাধিক দেশ ভ্রমণ করেছেন। শুধু তাই নয়, নেপালের পর্যটনের প্রচারের জনপ্রিয় মুখ ছিলেন খগেন্দ্র। ইউরোপ এবং আমেরিকার বেশ কয়েকটি চ্যানেলেও তাঁকে সাক্ষাৎকার দিতে দেখা গিয়েছে। এছাড়াও গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ভিডিওতেও দেখা গিয়েছে তাঁকে। ওই ভিডিওতে খগেন্দ্রকে তাঁর ভাইয়ের সঙ্গে গিটার বাজাতে,বাইকে চড়তে এমনকী পারিবারিক দোকানে বসে কাজও করতে দেখা গিয়েছে। সংবাদসংস্থা ‘এএফপি’-কে দেওয়া সাক্ষাৎকার তাঁর ভাই মহেশ থাপা মাগার বলেন, ”বেশিরভাগ সময়েই নিউমোনিয়ায় ভুগতেন খগেন্দ্র। সেই কারণে, বারবারই হাসপাতালে ভরতি করতে হত তাঁকে। তবে এবার চিকিৎসকরা জানিয়ে দিয়েছিলেন তাঁর হৃদযন্ত্র বিকল হয়ে গিয়েছে। শুক্রবার মৃত্যু হয় খগেন্দ্রর।”

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন