
আন্তর্জাতিক ডেস্কঃ আগামী মঙ্গলবারের মধ্যেই বিতর্কিত মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা প্রকাশের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরিকল্পনাটি নিয়ে আলোচনার জন্য ইসরাইলি প্রধানমন্ত্রী ও দেশটির বিরোধী দলীয় নেতাকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানানো হয়েছে। এরমধ্যেই, ফিলিস্তিনের সঙ্গে সম্পর্ক জোরদারের ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের এক বছরের মাথায় জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন ডোনাল্ড ট্রাম্প। তার এ সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে ইসরাইলের সঙ্গে শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা মেনে নেয়া হবে না বলে জানায় ফিলিস্তিন কর্তৃপক্ষ। পরিস্থিতি স্বাভাবিক করতে, মধ্যপ্রাচ্যে শতাব্দীর সেরা চুক্তি নামে একটি শান্তি পরিকল্পনা প্রণয়ণের ঘোষণা দেয় ট্রাম্প প্রশাসন। এই পরিকল্পনার নেপথ্যে কাজ করছেন ট্রাম্পের উপদেষ্টা ও জামাতা জ্যারেড কুশনার। বিভিন্ন সময়ে এর কিছু খণ্ডিত অংশ বিভিন্ন সংবাদমাধ্যমে ফাঁস হলেও, এখও তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি যুক্তরাষ্ট্র। অবশেষে বহুল আলোচিত মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনাটি অচিরেই প্রকাশের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহেই তা প্রকাশ করা হবে জানিয়ে তিনি বলেন, পরিকল্পনাটি ফিলিস্তিনিদের জীবনমান উন্নত করবে। ট্রাম্প বলেন, প্রকৃত অর্থেই অনেক বড় একটা পরিকল্পনা এটি। ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে এ নিয়ে আমাদের প্রাথমিক আলোচনাও হয়েছে। তবে, শুরুতে এটি নিয়ে সাধারণ ফিলিস্তিনিরা নেতিবাচক প্রতিক্রিয়া দেখাতে পারে। কিন্তু এতে আসলে তাদেরই লাভ হবে।