
আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার পর দেশটির কুদস ফোর্সের নতুন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানিকে হত্যা করার যে হুমকি যুক্তরাষ্ট্র দিয়েছে তার প্রতিবাদ জানিয়েছেন রাশিয়া। দেশটি এই হুমকিকে ‘অগ্রহণযোগ্য’ ও মেনে নেয়া যায় না বলে মন্তব্য করেছে।রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বৃহস্পতিবার মস্কোয় এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। মারিয়ার ভাষ্য, আমি আবারও বলতে চাই যে, যুক্তরাষ্ট্রের এ ধরনের হুমকি আমাদের কাছে অগ্রহণযোগ্য। আইন ও অধিকার লঙ্ঘন করে এ ধরনের বক্তব্য দেয়া হয়েছে এবং একজন রাষ্ট্রীয় প্রতিনিধির এ ধরনের কথা বলার কোনো অধিকার নেই।ইরান বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি ব্রিয়ান হুক বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে আরবি ভাষার দৈনিক আশরাক আল-আওসাতকে দেয়া সাক্ষাতকারে বলেন, নিহত কাসেম সোলাইমানির উত্তরসূরিকেও একই ভাগ্য বরণ করতে হবে।
তিনি বলেন, আমেরিকানদের হত্যায় ইসমাইল কিয়ানিও যদি একই পথ ধরে চলেন, তবেও তাকেও একই ভাগ্য বরণ করতে হবে।‘মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেক আগেই পরিস্কার করে দিয়েছেন যে আমেরিকান কিংবা আমেরিকার স্বার্থে আঘাত হানলে চূড়ান্ত জবাব দেয়া হবে’ যোগ করেন ব্রিয়ান হুক।তিনি বলেন, এটা কোনো নতুন হুমকি নয় জানিয়ে তিনি আরও বলেন, আমেরিকান স্বার্থ রক্ষায় চূড়ান্ত জবাব দেয়ার কথা বলে আসছেন প্রেসিডেন্ট। আমি মনে করি, ইরানি সরকার উপলব্ধি করতে পেরেছে যে তারা আমেরিকায় হামলা চালাতে পারবে না এবং শাস্তি থেকেও রেহাই পাবে না।সোলাইমানি নিহত হওয়ার পর তার উত্তরসূরি হিসেবে আল-কুদসের প্রধান পদে নিয়োগ দেয়া হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কিয়ানিকে। নিয়োগ পাওয়ার পরেই সোলাইমানির পথ অনুসরণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।জেনারেল কায়ানি নিয়োগ পাওয়ার পর ৯ জানুয়ারি ইরানের সর্বোচ্চ নেতাকে জানান, সর্বশক্তি দিয়ে তিনি জেনারেল কাসেম সোলাইমানির পথ অনুসরণ করবেন।