
আন্তর্জাতিক ডেস্কঃ আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গা গণহত্যা বন্ধের আদেশের রায়ের দু’দিন পার হতে না হতেই আবারও মিয়ানমারের সামরিক বাহিনীর হাতে প্রাণ হারিয়েছেনে রাখাইনের দুই রোহিঙ্গা নারী। শনিবার (২৫ জানুয়ারি) দেশটির একজন পার্লামেন্ট সদস্য ও একজন গ্রামবাসীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। উত্তর রাখাইনের রোহিঙ্গা অধ্যুষিত একটি গ্রামে সামরিক বাহিনীর গোলাবর্ষণে নিহত হন তারা। স্থানীয়রা জানান, উত্তর রাখাইনের কিন তাউং গ্রামে এ হামলায় নিহতদের একজন গর্ভবতী ছিলেন। একই ঘটনায় গ্রামটির অপর সাত ব্যক্তি আহত হয়েছেন। উত্তর রাখাইনের বুথিডাউং শহরের সংসদ সদস্য মং কি আউ বলেন, কোনো যুদ্ধ ছাড়াই কিন তাউং গ্রামের কাছে অবস্থান করা সেনাবাহিনীর এক ব্যাটালিয়ন মধ্যরাতে গ্রামটিতে গোলাবর্ষণ শুরু করে। কিন তাউং থেকে মাইলখানেক দূরে বসবাসকারী রোহিঙ্গা গ্রামবাসী সো তুন ওও ফোনে রয়টার্সকে গোলার বিস্ফোরণে দুটি বাড়ি ধ্বংস হওয়ার কথা জানিয়েছেন। তিনি বলেন, মিলিটারিরা সব সময় ভারী অস্ত্র থেকে গোলাবর্ষণ করে। যে এলাকাকেই সন্দেহজনক মনে হয় সেখানেই ভারী অস্ত্রের গোলাবর্ষণ করে তারা। আমরা ভয়ে থাকলেও অন্য কোথাও পালিয়ে যাওয়া অসম্ভব।