
আন্তর্জাতিক ডেস্কঃ আফ্রিকার গোলোযোগপূর্ণ দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর পূর্বাঞ্চলীয় বেনি অঞ্চলে মঙ্গলবার রাতে সন্দেহভাজন বিদ্রোহীদের হামলায় কমপক্ষে ৩৬ জন নিহত হয়েছেন। দেশটিতে নানা সহিংসতায় গত নভেম্বর থেকে এ পর্যন্ত দুই শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে।স্থানীয় এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।বেনি প্রদেশের গভর্নর ডোনাত কিবওয়ানা বুধবার এ হামলা সম্পর্কে জানান, হামলায় বহু মানুষ নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে সবমিলিয়ে ৩৬টি মরদেহ উদ্ধার করা হয়েছে।এর আগে কঙ্গোর সরকারি কর্মকর্তারা মঙ্গলবারের ওই বিদ্রোহী হামলায় ১৫ জন নিহত হওয়ার কথা জানিয়েছিলেন।মঙ্গলবার প্রধান হামলাটি হয় বেনি প্রদেশের রাজধানী ওইচা থেকে ২০ কিলোমিটার দূরের মানজিনগি গ্রামে। হামলায় আরো বেশ কয়েকজন আহত হয়েছেন।তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রসঙ্গত, গত ৩০ অক্টোবর থেকে সশস্ত্র বিদ্রোহী দল দ্য এলিইড ডেমোক্রেটিক ফোর্সেসের (এডিএফ) বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযান শুরু করেছে কঙ্গোর সেনাবাহিনী। এই অভিযান শুরু হওয়ার পর এ পর্যন্ত বেনি প্রদেশে ২৬৫ জন নিহত হয়েছে। এসব হতাহতের বেশিরভাগই হয়েছে বিদ্রোহীদের প্রতিশোধমূলক হামলায়। আর কঙ্গোতে এরকম সশস্ত্র বিদ্রোহী দল একটি নয়, বহু। ফলে দেশটিতে বছর জুড়েই সহিংসতা চলতেই থাকে