
আন্তর্জাতিক ডেস্কঃ হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত কোবি ব্রায়ান্টেকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেছে ভক্ত-শুভাকাঙ্খীরা। ক্যালিফোর্নিয়ায় ব্রায়ান্ট স্মরণে ম্যুরাল তৈরি করে তাতে ফুলেল শ্রদ্ধা জানিয়েছে তারা। এদিকে, তার স্মরণে এক মিনিট নীরবতা পালন করে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। প্রিয় তারকার জীবনাবসন। অশ্রুসজল ভক্ত-শুভাকাঙ্খীরা। মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনা কেড়ে নিয়েছে সাবেক মার্কিন বাস্কেটবল তারকা কোবি ব্রায়ান্টকে। শুধু কোবি ব্রায়ান্টই নন, দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তার ১৩ বছর বয়সী মেয়ে জিয়ান্না। মার্কিন সাবেক বাস্কেটবল তারকার অকাল মৃত্যুতে বিশ্ব ক্রীড়াঙ্গণে নেমে এসেছে শোকের ছায়া। শোকে স্তব্ধ ক্যালিফোর্নিয়া। তাইতো প্রিয় তারকার জন্য অশ্রুসিক্ত শ্রদ্ধা।
লস এঞ্জেলসে তার স্মরণে তৈরি করা হয়েছে ম্যুরাল। আর তাতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন ভক্তরা। এছাড়া মোমবাতি প্রজ্বলন করেও ব্রায়ান্টকে স্মরণ করেন তারা। প্রিয় তারকার অকাল প্রয়াণকে যেন কোনভাবেই মেনে নিতে পারছেন না ক্যালিফোর্নিয়াবাসী। এক ভক্ত বলেন, আমি ও আমার বাবা এই মৃত্যুর খবর শুনে হতভম্ব হয়েছি। কোনভাবেই এটা মেনে নিতে পারছি না। এটা খুবই দুঃখজনক সংবাদ আমাদের জন্য। শ্রদ্ধা জানাতে আসা আরেক ভক্ত বলেন, ব্যক্তিগতভাবে আমি ব্রায়ানের অনেক বড় ভক্ত। তার মুত্যুর সংবাদে অনেক কষ্ট পেয়েছি। মর্মান্তিক মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে গেছি। তার প্রতি আমার শ্রদ্ধা রইলো। সুদূর চীন থেকে আসা এক ভক্ত বলেন, তার মুত্যুর খবর শুনে আমি চীন থেকে শ্রদ্ধা জানাতে এসেছি। সেখানে তার অনেক জনপ্রিয়তা। এমন মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক।