
আন্তর্জাতিক ডেস্কঃ করোনা ভাইরাস আতঙ্কে চীনের সঙ্গে যুক্ত পূর্ব সীমান্ত বন্ধের আদেশে দিয়েছেন রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন। এছাড়াও চীনা নাগরিকদেরকে ইলেক্ট্রনিক ভিসা দেয়া স্থগিত করে হয়েছে। রাশিয়ার সংবাদ সংস্থা তাসের বরাত দিয়ে গতকাল বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এসব তথ্য জানিয়েছে দ্য মস্কো টাইমস। সংবাদ সংস্থাটি মিশুস্তিনকে উদ্ধৃত করে জানিয়েছে, এই আদেশ ইতিমধ্যে পাশ হয়ে গেছে এবং এটি কার্যকর করাও হয়েছে।
রাশিয়ার প্রধানমন্ত্রী বলেছেন, আমরা পূর্ব অঞ্চলের সীমান্ত বন্ধের বিষয়টি সবাইকে জানাবো। করোনাভাইরাস ঠেকাতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেবে রুশ সরকার। চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে বৃহস্পতিবার ১৭০ জন হয়েছে। এছাড়া এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে সাত হাজার ৭৭১ হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছে দেশটির ন্যাশনাল হেলথ কমিশন। কমিশন জানায়, গত ২৪ ঘণ্টায় ৩৮ জন মারা গেছেন। এছাড়া মোট ১২ হাজার ১৬৭ জন এই ভাইরাসে আক্রান্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।